পুঁজিবাদবিরোধী ‘ওয়াল স্ট্রিট দখল করো’ আন্দোলনকারীদের অবরোধে গত সোমবার যুক্তরাষ্ট্রের পশ্চিম উপকূলের অন্তত একটি বন্দর পুরোপুরি এবং আরও কয়েকটি বন্দর আংশিক অচল হয়ে পড়ে। বন্দর-গুলোতে যানচলাচল বন্ধ হয়ে যায়। বিক্ষোভকারীরা দাবি করেছেন, তাঁদের সোমবারের অবরোধ সফল হয়েছে। ওই দিন ওয়াল স্ট্রিটবিরোধী শত শত আন্দোলনকারী পশ্চিমাঞ্চলের বন্দরগুলোর বিভিন্ন ফটকে অবস্থান নেন। তাঁরা লরি চলাচলে বাধা দেন। ক্যালিফোর্নিয়া, অরেগন ও ওয়াশিংটনের ওই বন্দরগুলো আংশিকভাবে বন্ধ হয়ে যাওয়ার পর পুলিশ কিছু বিক্ষোভকারীকে আটক করে। তবে তা বড় ধরনের কোনো সংঘাতে রূপ নেয়নি। গণমাধ্যমের খবরে বলা হয়েছে, সোমবার সকাল থেকেই বিক্ষোভকারীরা ওই বন্দরগুলোর ফটকে অবস্থান নেন। এ সময় তাঁরা ওয়াল স্ট্রিটবিরোধী স্লোগান দিতে থাকেন। আন্দোলনকারীরা এ সময় বলেন, ওই পোতাশ্রয়গুলোর পরিচালনাকারী সংস্থাগুলোর মুনাফায় আঘাত হানতেই তাঁদের এ অবরোধ। এএফপি, রয়টার্স ও বিবিসি।