যুক্তরাষ্ট্রে অবৈধ অভিবাসীদের বৈধতা দেওয়ার উদ্যোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রে বসবাসরত অবৈধ অভিবাসীদের বৈধতা দেওয়ার আলোচনা আবার শুরু হয়েছে। অভিবাসীদের ব্যাপক সমর্থনে প্রেসিডেন্ট বারাক ওবামার পুনর্নির্বাচনে টনক নড়েছে রক্ষণশীলদের। ভেঙে পড়া মার্কিন অভিবাসন আইনের সংস্কার নিয়ে উদ্যোগী হয়ে উঠেছেন আইনপ্রণেতারা। জনসমর্থন বৃদ্ধির আশায় রিপাবলিকানদের পক্ষ থেকেও এখন অভিবাসীদের প্রতি ইতিবাচক মনোভাব দেখানো হচ্ছে।অবৈধ অভিবাসীদের বৈধতা দেওয়ার জন্য নতুন আইন প্রস্তাবের উদ্যোগ নেওয়া হয়েছে। সমঝোতার মাধ্যমে ডেমোক্রেটিক পার্টির সিনেটর চার্লস শুমার ও রিপাবলিকান সিনেটর লিনডসি গ্রাহাম যৌথভাবে এ উদ্যোগ নিয়েছেন। কংগ্রেসে সংখ্যাগরিষ্ঠ রিপাবলিকানদের বিরোধিতার কারণে গত চার বছরে অভিবাসন আইন নিয়ে সব উদ্যোগ বাধাগ্রস্ত হয়েছে। সদ্য সমাপ্ত নির্বাচনে অভিবাসীরা, বিশেষ করে হিস্পানিকদের ব্যাপক সমর্থন পেয়েছেন প্রেসিডেন্ট বারাক ওবামা। টানা বিরোধিতার কারণে রিপাবলিকান পার্টি অভিবাসনবিরোধী হিসেবে পরিচিত হয়ে উঠেছে। রিপাবলিকান পার্টির প্রেসিডেন্ট পদপ্রার্থী মিট রমনির শোচনীয় পরাজয়ের জন্য অভিবাসনবিরোধিতাকে অন্যতম কারণ হিসেবে দেখা হচ্ছে। নির্বাচন-পরবর্তী বাস্তবতায় রিপাবলিকানদের অভিবাসন নিয়ে আগের অবস্থান থেকে নমনীয় হওয়ার আভাস পাওয়া যাচ্ছে। যুক্তরাষ্ট্রে বসবাসরত প্রায় দেড় কোটি অবৈধ অভিবাসীকে বৈধতা দেওয়ার জন্য উভয় দলের মধ্যে আবার সমঝোতা আলোচনা শুরু হয়েছে। নিউইয়র্ক থেকে নির্বাচিত প্রভাবশালী ডেমোক্র্যাট সিনেটর চার্লস শুমার এনবিসি টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে অবৈধ অভিবাসীদের বৈধতা নিয়ে উদ্যোগের কথা জানিয়েছেন। সিনেটর চার্লস শুমার বলেছেন, রিপাবলিকান সিনেটর লিনডসি গ্রাহামের সঙ্গে সমঝোতার মাধ্যমে যৌথ আইন প্রস্তাবের খসড়া প্রণয়ন করা হচ্ছে। এর আগেও প্রভাবশালী এই দুই আইনপ্রণেতা অবৈধদের বৈধতা দেওয়ার প্রস্তাব করেছিলেন। প্রেসিডেন্ট বারাক ওবামা তাঁদের পূর্ববর্তী আইন প্রস্তাবকে গুরুত্বপূর্ণ আইনকাঠামো বলে উল্লেখ করেছিলেন। কার্যত, রিপাবলিকান রক্ষণশীলদের প্রবল বিরোধিতার কারণে পূর্ববর্তী আইন প্রস্তাবটি কংগ্রেসে মুখ থুবড়ে পড়ে। সিবিএস নিউজের এক অনুষ্ঠানে রিপাবলিকান সিটের লিনডসি গ্রাহাম বলেছেন, হিস্পানিক ও অভিবাসীদের সঙ্গে রিপাবলিকান পার্টির সম্পর্কের দেয়াল কোনো কাজে আসেনি। তিনি বলেন, ২০০৪ সাল থেকেই দেখা যাচ্ছে, রিপাবলিকান প্রেসিডেন্ট পদপ্রার্থী হিস্পানিকদের সমর্থন লাভে ব্যর্থ হচ্ছেন। এবারের নির্বাচনের পর রাজনৈতিক কারণেই রক্ষণশীল রিপাবলিকানদের অভিবাসনবিরোধী অবস্থানে পরিবর্তনের শুরু দেখা যাচ্ছে। লিনডসি গ্রাহাম বলেন, অভিবাসন সংস্কার আইন প্রণয়নের মধ্য দিয়ে তাঁরা রিপাবলিকানদের সঙ্গে অভিবাসীদের সম্পর্কের দেয়াল অপসারণ করতে চান। প্রেসিডেন্ট নির্বাচনের জরিপে দেখা গেছে, ৬৫ শতাংশ ভোটার অবৈধদের বৈধতা দেওয়ার পক্ষে। সিনেটর শুমার ও গ্রাহামের যৌথ আইন প্রস্তাবের বিস্তারিত এখনো প্রকাশ হয়নি।