যুক্তরাষ্ট্রে অবৈধ অভিবাসীরা বৈধ হওয়ার সুযোগ পাচ্ছেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রে বর্তমানে অবৈধভাবে অবস্থানরত এক কোটি ১০ লাখ অভিবাসীকে বৈধ হওয়ার সুযোগ দেওয়া হচ্ছে। প্রধান দুই দলের আটজন সিনেটর অভিবাসনব্যবস্থায় সংস্কার প্রশ্নে একটি কাঠামো তৈরির ব্যাপারে একমত হয়েছেন। গতকাল সোমবার ওই পরিকল্পনা প্রকাশ করার কথা।মতৈক্যে পৌঁছানো এই আটজন সিনেটর হলেন: রিপাবলিকান পার্টির জন ম্যাককেইন, মারকো রুবিও, লিন্ডসে গ্রাহাম ও জেফ ফ্লেক এবং ডেমোক্রেটিক পার্টির রবার্ট মেন্ডেজ, চাক শুমার, ডিক ডারবিন ও মাইকেল বেনেট।এই আট সিনেটরের প্রস্তাবিত অভিবাসন সংস্কার কাঠামোতে স্বীকার করা হয়, যুক্তরাষ্ট্রে অভিবাসনব্যবস্থা ভেঙে পড়েছে। পরিকল্পনায় অবৈধ অভিবাসীদের নাগরিকত্ব দিতে একটি ‘কঠিন, তবে ন্যায়সংগত’ সুযোগ দেওয়ার অঙ্গীকার করা হয়েছে। এই অভিবাসনব্যবস্থা সংস্কার দেশের অর্থনীতিকে গড়ে তুলতে সহায়তা করবে বলেও এতে মন্তব্য করা হয়। একই সঙ্গে কানাডা থেকে উত্তর এবং মেক্সিকো থেকে দক্ষিণ পর্যন্ত যুক্তরাষ্ট্রের বিশাল সীমান্ত এলাকায় নিরাপত্তাব্যবস্থা জোরদারে বিভিন্ন পদক্ষেপ নেওয়ার কথা বলা হয়।আজ মঙ্গলবার প্রেসিডেন্ট ওবামার নেভাদা অঙ্গরাজ্য সফরে যাচ্ছেন। তাঁর সফরকে সামনে রেখে লাস ভেগাস রিভিউ জার্নাল-এ প্রকাশিত নিবন্ধে সিনেটর রুবিও বলেন, ‘আমরা লাখ লাখ মানুষকে আটক ও বিতাড়ন করতে পারি না।’ভিসার মেয়াদের অতিরিক্ত অবস্থান ঠেকাতে সিনেটররা অবৈধ অভিবাসীদের সরকারের কাছ থেকে নিবন্ধন করে নিতে বলেছেন। সরকারি হিসাবে, বর্তমানে যুক্তরাষ্ট্রে যত অবৈধ অভিবাসী রয়েছেন, তাঁদের ৪০ শতাংশই বৈধভাবে এসেছেন। ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও থেকে যাওয়ায় তাঁরা অবৈধ হয়ে যান।তবে নতুন পরিকল্পনায় অবৈধ অভিবাসীরা ‘অবেক্ষাধীন’ সময়ের জন্য বৈধ মর্যাদা পাবেন। সংশ্লিষ্ট ব্যক্তির জীবন বৃত্তান্তের খোঁজখবর নেওয়া এবং তাঁর কাছ থেকে জরিমানা ও বকেয়া কর আদায়ের পর এই অবেক্ষাধীন সময়ে তাঁকে বসবাসের পাশাপাশি কাজ করারও সুযোগ দেওয়া হবে।তবে যাঁরা ‘মারাত্মক’ অপরাধের সঙ্গে জড়িত বলে প্রমাণ পাওয়া যাবে বা কেউ যদি কোনোভাবে যুক্তরাষ্ট্রের নিরাপত্তার জন্য হুমকি বলে প্রতীয়মান হন, তিনি এই বৈধ মর্যাদা পাবেন না। তাঁকে বিতাড়ন করা হবে।যাঁরা অবেক্ষাধীন বৈধ মর্যাদা পাবেন, তাঁদের পুরোপুরি বৈধ হওয়ার জন্য যুক্তরাষ্ট্রের বিদ্যমান অভিবাসন-প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে। পাশাপাশি সংশ্লিষ্ট ব্যক্তির আবার জীবন বৃত্তান্তের খোঁজখবর নেওয়াসহ অন্যান্য যোগ্যতা খতিয়ে দেখা হবে। এসব পরীক্ষা-নিরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর তাঁরা যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড পেয়ে সেখানে স্থায়ীভাবে বসবাসের সুযোগ পাবেন। এএফপি।