যুক্তরাষ্ট্রে অভিবাসন বিল শিগগিরই সিনেটে উঠছে
যুক্তরাষ্ট্রে বসবাসকারী অবৈধ অভিবাসীদের নাগরিকত্বের বিষয়ে মার্কিন কংগ্রেসের উদ্যোগে বেশ অগ্রগতি হয়েছে। এ বিষয়ে সুপারিশ করার জন্য ক্ষমতাসীন এবং বিরোধী দুই দলের সিনেটরদের নিয়ে গঠিত কমিটি গত সপ্তাহে কয়েক দফায় বৈঠক করেছে। কমিটি অভিবাসীদের বৈধতা দেওয়ার প্রক্রিয়াসংক্রান্ত সুপারিশ প্রায় চূড়ান্ত করে ফেলেছে বলে জানা গেছে।আশা করা হচ্ছে, আগামী মাস নাগাদ বিলটি সিনেটে উঠবে। আর এ বিষয়ে ভোটাভুটি হতে পারে আগামী জুন অথবা জুলাইয়ে। ডেমোক্রেটিক পার্টির চারজন ও রিপাবলিকান পার্টির চারজন সিনেটরকে নিয়ে গঠিত এই কমিটি ‘গ্যাং অব এইট’ নামে পরিচিতি পেয়েছে। ১৯৮৬ সালের পর অভিবাসন আইনে সবচেয়ে বড় সংস্কারের কাজটি করছে তারা। চার মাস ধরে দফায় দফায় বৈঠক ও আলোচনার পর তারা এখন চূড়ান্ত পর্যায়ের বিরোধ নিষ্পত্তির কাজ করছে।কমিটির সঙ্গে সংশ্লিষ্ট সিনেটর এবং তাঁদের সহযোগীদের সূত্রে জানা গেছে, সংস্কারের পর নতুন আইনের প্রধান বৈশিষ্ট্য হতে পারে— নাগরিকত্বের জন্য ১০ থেকে ১৫ বছরের অপেক্ষা।যুক্তরাষ্ট্রে বর্তমানে বসবাস করছে এক কোটি ১০ লাখের মতো অবৈধ অভিবাসী। গত নির্বাচনে প্রেসিডেন্ট বারাক ওবামা এবং তাঁর দলের অন্য প্রার্থীদের পক্ষে হিস্পানিক ভোটারদের বিপুল সমর্থনের পর অবৈধ অভিবাসীদের বৈধ করার বিষয়ে দুই দলের ওপরই একধরনের চাপ সৃষ্টি হয়েছে।রিপাবলিকানদের সমর্থন নিয়ে নাগরিকত্বের বিষয়টি ফয়সালা করতে হলে নাগরিকত্ব দেওয়ার আগে গ্রিন কার্ড দিতে হবে। কারণ, রিপাবলিকানরা সেটাই চায়। বিদেশি নাগরিকদের যুক্তরাষ্ট্রের কাজের অনুমতি হিসেবে গ্রিন কার্ড দেয় দেশটির সরকার। কেউ গ্রিন কার্ড পেলে পরবর্তী সময়ে নাগরিকত্বের জন্য আবেদন করতে পারেন।‘গ্যাং অব এইট’ যদি সেটাই করে তাহলে ধরে নিতে হবে, কমিটির সদস্য ফ্লোরিডার রিপাবলিকান সিনেটর মারকো রুবিওর মতেরই প্রতিফলন ঘটেছে।এক সাক্ষাৎকারে রুবিও বলেন, ‘আমরা তাঁদের প্রতি সদয় হতে চাই, চাই কাজেও সৎ থাকতে। কিন্তু যাঁরা বৈধভাবে নাগরিকত্ব পাওয়ার চেষ্টা করছেন, তাঁদের প্রতিও অবিচার করা যাবে না।’ সিনেটর রুবিও আরও বলেন, ‘নাগরিকত্ব পেতে হলে আপনাকে প্রথমে গ্রিন কার্ড নিতে হবে। কমিটির অন্য সদস্যদেরও আমি এটা জানিয়ে দিয়েছি।’সিনেটরদের সহযোগীরাও একই কথা বলেছেন। তাঁর বলেছেন, নাগরিকত্ব পাওয়ার জন্য আগে গ্রিন কার্ড সংগ্রহের বিষয়ে তাঁরাও একমত। সিনেটর রুবিও শুধু তাঁর নিজের দলের অবস্থান তুলে ধরেছেন। রয়টার্স।