যুক্তরাষ্ট্রে অভিবাসন সংস্কার পরিকল্পনা চলতি সপ্তাহেই প্রকাশের উদ্যোগ
যুক্তরাষ্ট্রে সরকার ও বিরোধীদলীয় আইনপ্রণেতাদের সমন্বয়ে গঠিত একটি দল দেশটিতে অভিবাসন সংস্কার পরিকল্পনা বিল চলতি সপ্তাহেই উপস্থাপন করতে যাচ্ছে। এ প্রস্তাব অনুমোদিত হলে যুক্তরাষ্ট্রে লাখ লাখ অবৈধ অভিবাসীর নাগরিকত্ব অর্জনের সুযোগ তৈরি হবে। নতুন বিলটিতে অভিবাসীদের মেধা ও চাকরির যোগ্যতার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে এবং অবৈধ অভিবাসন-প্রক্রিয়া একেবারে বন্ধ করে দিয়ে আইনি উপায়ে যুক্তরাষ্ট্রে যাওয়ার সুযোগ তৈরির কথা বলা হয়েছে। বিলটির ব্যাপারে একটি সংবাদ সম্মেলন গতকাল মঙ্গলবার অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও তা সোমবার বোস্টনে বিস্ফোরণের ঘটনায় পিছিয়ে দেওয়া হয়। তবে অভিবাসন সংস্কার পরিকল্পনার বিষয়বস্তুসংবলিত কাগজপত্র সাংবাদমাধ্যমে পৌঁছে দেওয়া হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা দ্বিতীয় মেয়াদে নির্বাচিত হওয়ার আগে প্রচার কার্যক্রমে অভিবাসন সংস্কার বাস্তবায়নের বিষয়টিকে বিশেষ গুরুত্ব দিয়েছিলেন। অপরদিকে তাঁর প্রতিদ্বন্দ্বী রিপাবলিকান পার্টির প্রার্থীর পরাজয়ের কারণ হিসেবে সংখ্যালঘু জনগোষ্ঠীর (বিশেষত হিস্পানিক) সঙ্গে দলটির দূরত্বকে দায়ী করা হয়। নতুন অভিবাসন সংস্কার প্রস্তাবের সুফল পাবেন বৈধ কাগজপত্র ছাড়াই যুক্তরাষ্ট্রে অবস্থানরত প্রায় এক কোটি ১৫ লাখ বিদেশি। তাঁদের অধিকাংশই মেক্সিকোর নাগরিক। প্রস্তাবটি অনুমোদন পেলে ওই অভিবাসীরা অস্থায়ীভাবে যুক্তরাষ্ট্রে বসবাস, কাজ, গাড়িচালনা ও ভ্রমণের অনুমতি পাবেন।রিপাবলিকান পার্টির কট্টর সদস্যরা অভিবাসন সংস্কার উদ্যোগের বিরোধিতা করছেন। তাঁরা এই সংস্কারের নামে ‘অপরাধীদের’ দায়মুক্তি দেওয়ার আশঙ্কা করছেন। যুক্তরাষ্ট্রে বসবাসের অনুমতি পাওয়ার জন্য অবৈধ অভিবাসীদের একটি নতুন ডেটাবেইস ব্যবহার করে নিজ নিজ পরিচয় কর্তৃপক্ষের কাছে প্রমাণ করতে হবে। দায়মুক্তি পেতে হলে তাদের ২০১১ সালের ৩১ ডিসেম্বর থেকে যুক্তরাষ্ট্রে একটানা অবস্থানের প্রমাণ দিতে হবে। এ ছাড়া তাঁদের অন্তত ৫০০ মার্কিন ডলার জরিমানাসহ বকেয়া কর পরিশোধ করতে হবে এবং কোনো ধরনের অপরাধ কর্মকাণ্ডে জড়িত না থাকার প্রমাণ দিতে হবে। এএফপি।