যুক্তরাষ্ট্রে অ্যানথ্রাক্স হামলার তদন্ত আনুষ্ঠানিকভাবে শেষ হলো
২০০১ সালের অ্যানথ্রাক্স হামলার তদন্তকাজ গত শুক্রবার আনুষ্ঠানিকভাবে সমাপ্ত ঘোষণা করেছেন যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্তকারীরা। ওই অ্যানথ্রাক্স হামলায় পাঁচ ব্যক্তি প্রাণ হারিয়েছিলেন। অসুস্থ হয়ে পড়েছিলেন আরও ১৭ জন। ওই ঘটনার পর যুক্তরাষ্ট্রজুড়ে আতঙ্কের সৃষ্টি হয়। দীর্ঘ তদন্তের পর যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্ত সংস্থা (এফবিআই) এ সিদ্ধান্তে পৌঁছায় যে, ওই পাঁচ ব্যক্তির প্রাণহানির জন্য মানসিকভাবে অসুস্থ এক বিজ্ঞানীই দায়ী।মার্কিন বিচার বিভাগ, এফবিআই ও ইউএস পোস্টাল ইন্সপেকশন সার্ভিসের এক যৌথ বিবৃতিতে বলা হয়, তদন্তে পাওয়া গেছে যে প্রয়াত ব্রুস আইভিন্স একাই ওই হামলার পরিকল্পনাসহ তা কার্যকর করেছেন।অ্যানথ্রাক্স হামলার জন্য সরকারি কৌঁসুলিরা যখন তাঁকে অভিযুক্ত করার প্রস্তুতি নিচ্ছিলেন, তখন ২০০৮ সালে ব্রুস আত্মহত্যা করেন। ২০০৮ সালের আগস্ট মাসে কর্মকর্তারা ঘোষণা করেন যে ওই হামলার জন্য ব্রুস দায়ী। ওই গবেষকের মৃত্যুর পর আরও নতুন নতুন প্রমাণ পাওয়া যায়।আত্মহত্যার আগে অ্যানথ্রাক্স হামলার সঙ্গে জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছেন ব্রুস। তাঁর পরিবার ও কয়েকজন বন্ধু দাবি করেছেন, তিনি নির্দোষ।অ্যানথ্রাক্স মামলাসংক্রান্ত অনেক তথ্য আগেও প্রকাশিত হয়েছে। কিন্তু এফবিআইয়ের সর্বশেষ প্রকাশিত নথিতে ব্রুস সম্পর্কে বিস্তারিত তথ্য দেওয়া হয়েছে।২০০১ সালের ১১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে সন্ত্রাসী হামলার পর মার্কিন জনগণ যখন মানসিকভাবে বিচলিত, তখন অ্যানথ্যাক্সসহ ওই চিঠিগুলো আইনপ্রণেতা ও প্রখ্যাত সাংবাদিকসহ বিভিন্ন কার্যালয়ে পাঠানো হয়। ওই ঘটনার পর তল্লাশির জন্য ডাক বিভাগের কার্যালয়, ইউএস ক্যাপিটাল ভবন ও বেশ কিছু বেসরকারি কার্যালয় সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়।কর্মকর্তারা এ বিষয়ে বিস্তর নথিপত্র উত্থাপন করেছেন এবং তদন্তে যেসব তথ্য পাওয়া গেছে, তার ৬২ পৃষ্ঠার একটি সংক্ষিপ্তসার তৈরি করা হয়েছে, যা বিচার বিভাগের ওয়েবসাইটে দেওয়া হয়েছে। জিনিউজ ও এএফপি।