যুক্তরাষ্ট্রে আকাশ থেকে মৃত পাখি পড়ছেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রে আকাশ থেকে রহস্যজনকভাবে আরও মৃত পাখি পড়েছে। গত সোমবার লুইজিয়ানা ও কেনটাকি অঙ্গরাজ্যে ৫০০-এর বেশি মৃত পাখি পেয়েছে কর্তৃপক্ষ। এর আগে গত ৩১ ডিসেম্বর আরকানস অঙ্গরাজ্যের বিবি শহরে আকাশ থেকে তিন হাজারের বেশি মৃত পাখি পড়ে।আরকানসে মৃত পাখি পাওয়ার পর বিজ্ঞানীরা বলেছিলেন, সেগুলোর মৃত্যুর সম্ভাব্য কারণ বজ্রপাত বা নববর্ষ উদ্যাপন উপলক্ষে পোড়ানো আতশবাজির আঘাত। কিন্তু সোমবার আরও মৃত পাখি পাওয়ার পর বিজ্ঞানীদের এ ব্যাপারে আরও পরীক্ষা-নিরীক্ষা করার নির্দেশ দেওয়া হয়েছে।আরকানসের ১০০ মাইল দূরে একটি নদীর তীরে কমপক্ষে ৮৩ হাজার মৃত বা মৃতপ্রায় মাছ পাওয়া গেছে। অন্যদিকে মেরিল্যান্ড অঙ্গরাজ্যের পরিবেশ দপ্তর জানিয়েছে, চেসাপিক উপসাগরে কয়েক হাজার ছোট মাছ মারা গেছে। এসব মাছ স্রোতে ভেসে উপকূলের কাছে আসছে। মাছের মৃত্যুর জন্য ঠান্ডা আবহাওয়াকে দায়ী করেছে তারা। মৃত পাখি ও মাছ পাওয়ার ঘটনায় ইন্টারনেটের বিভিন্ন ওয়েবসাইটে মার্কিন নাগরিকদের অনেকে সন্দেহ প্রকাশ করেছেন, সরকারের গোপন কোনো পরীক্ষা-নিরীক্ষার ফলে এসব মাছ ও পাখি মারা যাচ্ছে। আরকানস অঙ্গরাজ্যের প্রাণী-চিকিৎসক ব্র্যানডন ডস মৃত পাখি পরীক্ষা-নিরীক্ষা করে দেখছেন। আগামী সপ্তাহে পরীক্ষার ফল সম্পর্কে জানানোর কথা বলেছেন তিনি। অন্যদিকে লুইজিয়ানার বিজ্ঞানীরাও জানার চেষ্টা করছেন, কেন এভাবে আকাশ থেকে মৃত পাখি পড়েছে। ওই অঙ্গরাজ্যের বন্য প্রাণী চিকিৎসক জিম ল্যাকোর বলেন, পরীক্ষা-নিরীক্ষার ফল হাতে পেতে কয়েক সপ্তাহ সময় লাগতে পারে। তিনি জানান, ওই অঙ্গরাজ্যে এর আগেও বিপুলসংখ্যক পাখি মারা যাওয়ার ইতিহাস রয়েছে। রোগব্যাধি, না খেয়ে থাকা ও অতিরিক্ত ঠান্ডার কারণেও পাখির মৃত্যু হতে পারে।যুক্তরাষ্ট্রের বন বিভাগের কর্মকর্তারা বলছেন, মাছ মারা যাওয়ার সঙ্গে পাখি মারা যাওয়ার কোনো সম্পর্ক নেই। মাছের মৃত্যুর কারণ হিসেবে তাঁরা রোগব্যাধিকে দায়ী করছেন। ডেইলি মেইল অনলাইন।