যুক্তরাষ্ট্রে আঘাত হানতে সক্ষম উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিষেধাজ্ঞার গ্যাঁড়াকলে একঘরে হয়ে থাকা উত্তর কোরিয়ার কাছে এমন রকেট আছে, যা যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ডে আঘাত হানতে সক্ষম। গতকাল মঙ্গলবার উত্তর কোরিয়ার জাতীয় প্রতিরক্ষা কমিশনের এক বিবৃতিতে এই দাবি করা হয়েছে।দক্ষিণ কোরিয়ার ক্ষেপণাস্ত্র-ব্যবস্থার দূরত্ব বাড়ানোর বিষয়ে যুক্তরাষ্ট্র ও কোরিয়ার মধ্যে নতুন একটি চুক্তি সইয়ের দুই দিন পরই পিয়ংইয়ংয়ের পক্ষ থেকে এমন ঘোষণা দেওয়া হলো। গত রোববার ঘোষিত ওই চুক্তি অনুযায়ী, দক্ষিণ কোরিয়ার ক্ষেপণাস্ত্র অতিক্রমের দূরত্ব প্রায় তিন গুণ, অর্থাৎ ৮০০ কিলোমিটার (৫০০ মাইল) বাড়ানো হবে। এতে উত্তর কোরিয়ার যেকোনো স্থানে হামলা চালাতে সক্ষম হবে দক্ষিণ কোরিয়া।উত্তর কোরিয়ার জাতীয় প্রতিরক্ষা কমিশনের মুখপাত্র বলেছেন, কোরীয় উপদ্বীপের পরিস্থিতি চরম পর্যায়ে নিয়ে যেতে এবং যুদ্ধের দিকে ধাবমান করতে এই চুক্তি করা হয়েছে। এটি গুরু ও শিষ্যের আরেকটি ষড়যন্ত্র। তিনি বলেন, এটা কোনো লুকোচুরির বিষয় নয়। উত্তর কোরিয়ার কাছে কৌশলগত এমন রকেট আছে, যা কেবল দক্ষিণ কোরিয়ায় অবস্থিত মার্কিন ও কোরীয় ঘাঁটিতেই নয়, তা জাপান, গুয়াম এমনকি যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ডেও আঘাত হানতে সক্ষম।যুক্তরাষ্ট্রে আঘাত হানার জন্য উত্তর কোরিয়া ছয় হাজার ৭০০ কিলোমিটার বা এর চেয়ে বেশি দূরত্ব অতিক্রমে সক্ষম ক্ষেপণাস্ত্র তৈরি করছে বলে সন্দেহ করা হচ্ছে। তবে সম্প্রতি উত্তর কোরিয়ার এ ধরনের দুটি রকেটের কার্যকারিতা পরীক্ষা ব্যর্থ হয়েছে। দেশটির জাতীয় প্রতিরক্ষা কমিশন বলেছে, যেকোনো মার্কিন সামরিক হুমকি মোকাবিলায় প্রস্তুতি নিচ্ছে তারা।তবে দক্ষিণ কোরিয়ার বিশেষজ্ঞরা বলেছেন, উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র দূরত্ব বাড়ানো নিয়ে ঘোষণা ফাঁকা বুলি ছাড়া কিছুই নয়। দেশটির নতুন নেতা কিম জং-উনের অধীনে সেনাবাহিনীকে উদ্দীপ্ত করতেই এই বুলি আওড়ানো হয়েছে।১৯৫০-১৯৫৩ সালের কোরিয়া যুদ্ধের পর উত্তর ও দক্ষিণ কোরিয়ার মধ্যে এক অঘোষিত কৌশলগত যুদ্ধ চলছে। দক্ষিণ কোরিয়ার সঙ্গে যুক্তরাষ্ট্রের সহযোগিতাপূর্ণ সামরিক সম্পর্ক কোরীয় উপদ্বীপের উত্তেজনা আরও বাড়িয়ে তুলেছে। এএফপি।