যুক্তরাষ্ট্রে আজ থেকে শুরু হচ্ছে পরমাণু শীর্ষ সম্মেলন
যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে আজ সোমবার থেকে শুরু হচ্ছে পরমাণু নিরাপত্তাবিষয়ক শীর্ষ সম্মেলন। মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা দুই দিনব্যাপী এ সম্মেলনের উদ্বোধন করবেন। হোয়াইট হাউস গত শনিবার জানিয়েছে, সম্মেলনে প্রেসিডেন্ট ওবামা পরমাণু অস্ত্রের মজুদ নিরাপদ এবং পরমাণু অস্ত্র তৈরির উপকরণ চরমপন্থীদের হাতের নাগালের বাইরে রাখার জন্য বৈশ্বিক পদক্ষেপের আহ্বান জানাবেন। ওবামার নতুন পরমাণু কৌশল ঘোষণা এবং পরমাণু অস্ত্র কমাতে বৃহস্পতিবার চেক প্রজাতন্ত্রের প্রাগে রাশিয়ার সঙ্গে নতুন চুক্তি স্বাক্ষরের পর এ শীর্ষ সম্মেলন হচ্ছে। পরমাণু অস্ত্র বিস্তার রোধ ওবামার পররাষ্ট্রনীতির অন্যতম গুরুত্বপূর্ণ বিষয়। প্রেসিডেন্ট ওবামা সম্মেলনের পাশাপাশি বিশ্বের অন্য নেতাদের সঙ্গেও দ্বিপক্ষীয় বৈঠক করবেন। এঁদের মধ্যে চীনের প্রেসিডেন্ট হু জিনতাও ও দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট জ্যাকব জুমা রয়েছেন। এ ছাড়া প্রেসিডেন্ট ওবামা আজ প্রথমবারের মতো ইউক্রেনের প্রেসিডেন্ট ভিক্টর ইয়ানুকোভিচের সঙ্গেও বৈঠক করবেন।তবে শীর্ষ সম্মেলনে বিশ্বের গুরুত্বপূর্ণ কয়েকজন নেতা যোগ দিচ্ছেন না। এএফপি।