যুক্তরাষ্ট্রে আরেক ভারতীয় কূটনীতিকের দেহ তল্লাশি
যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে আরও একজন ভারতীয় কূটনীতিকের দেহ তল্লাশি করা হয়েছে। তিনি জাতিসংঘে ভারতের স্থায়ী প্রতিনিধি হরদীপ পুরি। তল্লাশির সময় তাঁর মাথার পাগড়ি জোর করে খোলা হয়। যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের হিউসটন বিমানবন্দরে প্রায় দুই সপ্তাহ আগে এ ঘটনা ঘটে।৪ ডিসেম্বর জ্যাকসন-এভারস আন্তর্জাতিক বিমানবন্দরে যুক্তরাষ্ট্রে নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূত মীরা শঙ্করের দেহ তল্লাশি করা হয়। ওই ঘটনা প্রকাশের এক দিন পর হরদীপ পুরির দেহতল্লাশির ঘটনা প্রকাশ পায়। অভিযোগ রয়েছে, কূটনীতিক পরিচয় দেওয়া সত্ত্বেও তাঁকে বিমানবন্দরে অন্তত আধা ঘণ্টা আটকে রাখা হয়। তাঁর পাগড়ি জোর করে খোলা হয়।এসব ঘটনার প্রতিবাদে গত শনিবার নয়াদিল্লিতে অবস্থিত মার্কিন দূতাবাসের উপপ্রধান ডোনাল্ড লুকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয়। তাঁকে হুঁশিয়ার করে দিয়ে বলা হয়েছে, এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি হলে ভারতে নিযুক্ত মার্কিন কূটনীতিকদের সুযোগ-সুবিধার বিষয় পর্যালোচনা করবে নয়াদিল্লি। এ ছাড়া সব বিমানবন্দর কর্তৃপক্ষকে বিদেশি কূটনীতিকদের সংস্কৃতি ও ধর্মের মতো স্পর্শকাতর বিষয়ে সতর্ক থাকার জন্য যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানিয়েছে। বিবিসি।