যুক্তরাষ্ট্রে গুরুদুয়ারায় হামলাকারী পেজ ছিলেন সেনাসদস্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রের উইসকনসিন অঙ্গরাজ্যে শিখ উপাসনালয় গুরুদুয়ারায় হামলাকারী বন্দুকধারী ওয়েইড মাইকেল পেজ (৪০) মার্কিন সেনাবাহিনীর সদস্য ছিলেন। কর্তৃপক্ষ তাঁর পরিচয় নিশ্চিত করেছে। পেজকে গত রোববার ওই হামলার পর ঘটনাস্থলেই গুলি করে হত্যা করা হয়।উইসকনসিনের মিলওয়াউকি কাউন্টির ওক ক্রিক শহরতলি এলাকায় অবস্থিত ওই গুরুদুয়ারায় হামলার ঘটনায় এক নারীসহ ছয় ব্যক্তি নিহত হন। শ্বেতাঙ্গদের বর্ণবাদী সংগঠনগুলোর সঙ্গে পেজ জড়িত ছিলেন কি না, তদন্ত করে দেখা হচ্ছে। স্থানীয় পুলিশ-প্রধান জন এডওয়ার্ডস বলেন, পেজ ১৯৯২ থেকে ১৯৯৮ সাল পর্যন্ত সেনাসদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। ‘অযোগ্যতা ও অসদাচরণের অভিযোগে’ তাঁকে ১৯৯৮ সালে ওই দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়। পেজের গতিবিধি ছিল রহস্যজনক। তিনি ঠিক কী কারণে শিখদের জনাকীর্ণ উপাসনালয়ে হামলা করেন, তা স্পষ্ট নয়। সামরিক পরিচয়ের বাইরে পেজ ‘অ্যান্ড অ্যাপাথি’ নামের একটি রক সংগীত দলের শিল্পী ছিলেন। দলটি শ্বেতাঙ্গদের শ্রেষ্ঠত্বের আদর্শে বিশ্বাসী। আল-জাজিরা, এনডিটিভি।