যুক্তরাষ্ট্রে গোলাগুলিতে আহত ১৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রের শিকাগো নগরে গত বৃহস্পতিবার রাতে গোলাগুলিতে ১৩ জন আহত হয়েছে। আহত ব্যক্তিদের মধ্যে একটি তিন বছরের শিশুও রয়েছে। অপরাধচক্রের সদস্যরা ওই গোলাগুলির ঘটনা ঘটিয়েছে বলে ধারণা করছে পুলিশ।
পুলিশ জানিয়েছে, শিকাগো শহরের দক্ষিণ দিকে অবস্থিত একটি পার্কে বৃহস্পতিবার রাত সোয়া ১০টার দিকে ওই গোলাগুলির ঘটনা ঘটে। এ ঘটনায় শুক্রবার সকাল পর্যন্ত কেউ নিহত বা গ্রেপ্তার হওয়ার খবর পাওয়া যায়নি।
শিকাগোর পুলিশ বিভাগের মুখপাত্র রন গেইনস বলেন, ‘আমরা মনে করছি, অপরাধচক্রের সদস্যরা ওই গোলাগুলির ঘটনা ঘটিয়েছে। সেখানে আসলে কী ঘটেছে, তা জানতে গোয়েন্দারা প্রত্যক্ষদর্শীদের জিজ্ঞাসাবাদ করছেন।’
কর্মকর্তারা জানিয়েছেন, আহত ব্যক্তিদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁদের বেশির ভাগের বয়স ২০ থেকে ৪০ বছরের মধ্যে। তাঁদের হাতে বা পায়ে গুলি লেগেছে। তবে পেটে দুটি গুলিবিদ্ধ হওয়া ২৪ বছর বয়সী একজনের অবস্থা গুরুতর। এ ছাড়া তিন বছরের শিশুটির অবস্থাও আশঙ্কাজনক।
যুক্তরাষ্ট্রের অন্যান্য নগরের তুলনায় ইলিনয় অঙ্গরাজ্যের বৃহত্তম শহর শিকাগোতে সশস্ত্র সংঘাতের ঘটনা অনেক বেশি ঘটে। দেশের তৃতীয় জনবহুল এ নগরে গত বছর ৫০৬টি হত্যার ঘটনা ঘটেছে, যা আগের বছরের চেয়ে ১৬ শতাংশ বেশি। এএফপি।