যুক্তরাষ্ট্রে ঘূর্ণিঝড়, তুষারপাত, নিহত ৭
যুক্তরাষ্ট্রে শীতকালীন ঘূর্ণিঝড় ও তুষারপাতে গত বুধবার অন্তত সাতজন নিহত হয়েছে। এ পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রে দুই হাজারের বেশি ফ্লাইট বাতিল করা হয়েছে। এ ছাড়া ঝড়ের কারণে দুই লাখের বেশি মানুষ বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়েছে।মধ্য পশ্চিমাঞ্চলীয় ১২টি অঙ্গরাজ্যে ব্যাপক তুষারপাত হচ্ছে। এ ছাড়া পূর্বাঞ্চলেও ভারী তুষারপাত ও ঝড়ের কারণে মানুষের জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। এসব এলাকায় প্রচণ্ড ঝোড়ো হাওয়া, তীব্র ঠান্ডা ও ঝুঁকিপূর্ণ রাস্তার কারণে কর্তৃপক্ষ নাগরিকদের বাসায় থাকার নিদের্শ দিয়েছে।ঝড়ের পর বিদ্যুৎ সরবরাহ বিচ্ছিন্ন হয়ে পড়ায় মিসিসিপি ও আলাবামা অঙ্গরাজ্যে জরুরি অবস্থা জারি করা হয়েছে। ঘূর্ণিঝড়টি নিউইয়র্ক ও মেইন অঙ্গরাজ্যের দিকে অগ্রসর হচ্ছে। ধারণা করা হচ্ছে, এসব জায়গায় আগামী ২৪ ঘণ্টার মধ্যে ১৮ ইঞ্চি তুষার পড়তে পারে।জাতীয় আবহাওয়া অধিদপ্তর সতর্ক করে দিয়ে বলেছে, প্রচণ্ড তুষারপাতের সঙ্গে ঝোড়ো হাওয়ার কারণে নিউইয়র্কের বাফোলোতে দৃষ্টিসীমা প্রায় শূন্যের কাছাকাছি নেমে আসতে পারে। এ ছাড়া টেক্সাস, লুইজিয়ানা, মিসিসিপি, আলাবামা, ফ্লোরিডাসহ বিভিন্ন অঙ্গরাজ্যের উপকূলীয় এলাকার বাসিন্দাদের সতর্ক থাকতে বলা হয়েছে।গত মঙ্গলবার ৫৩৬টি ফ্লাইট বাতিলের পর বুধবার সন্ধ্যায় আরও দেড় হাজারের বেশি ফ্লাইট বাতিল করা হয়। এ ছাড়া গতকাল বৃহস্পতিবার আরও ২০১টি ফ্লাইট বাতিল করা হয়। বিবিসি ও এএফপি।