যুক্তরাষ্ট্রে ঘূর্ণিঝড়ে ৩৫ জনের প্রাণহানি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রে শক্তিশালী ঘূর্ণিঝড়ের আঘাতে ছয়টি অঙ্গরাজ্যে অন্তত ৩৫ জন মারা গেছে। অ্যালাবামা, মিসিসিপি ও টেনেসি অঙ্গরাজ্যে সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে।

গত সোমবার সিএনএন টেলিভিশন জানায়, এই তিন অঙ্গরাজ্যে মারা গেছে ১৭ জন। গত রোববার আরকানসাস, আইওয়া ও ওকলাহোমায় মারা গেছে ১৮ জন। আজ বুধবার এএফপির এক খবরে এ তথ্য জানানো হয়।

তবে আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়, আবহাওয়া আরও খারাপ হতে পারে। এর বিরূপ প্রভাব পড়বে সাত কোটি মানুষের ওপর।

আজ বুধবার ন্যাশনাল ওয়েদার সার্ভিস জানায়, মিসিসিপির পূর্বাঞ্চল ও দক্ষিণাঞ্চল, অ্যালাবামার  পশ্চিমাঞ্চল এবং লুইজিয়ানার পূর্বদিক থেকে প্রচণ্ড ঝড় আঘাত হানতে পারে।

অন্যদিকে বিবিসির খবরে বলা হয়, গতকাল মঙ্গলবার অ্যালাবামায় বন্যা ও নর্থ ক্যারোলাইনায় টর্নেডো আঘাত হেনেছে বলে খবর পাওয়া গেছে।

গত রবি ও সোমবার আঘাত হানা ঝড়ে ওই সব অঙ্গরাজ্যের বিভিন্ন এলাকায় অনেক ভবন গুঁড়িয়ে গেছে, গাড়ি উল্টে গেছে এবং হাজার হাজার মানুষ বিদ্যুত্ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

এরই মধ্যে যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চলের অঙ্গরাজ্যগুলোতে জীবিত ব্যক্তিদের উদ্ধারে তল্লাশি চলছে।

প্রেসিডেন্ট বারাক ওবামা ঝড়ে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের সহায়তার আশ্বাস দিয়েছেন। তিনি জানান, কেন্দ্রীয় জরুরি কর্মকর্তারা সহযোগিতা করতে মাঠে রয়েছেন। ওবামা বলেন, ‘এই পরিস্থিতি কাটিয়ে উঠতে এবং পুনরায় ঘুরে দাঁড়াতে আপনার পাশে আপনার দেশ রয়েছে।’