যুক্তরাষ্ট্রে জন্মহারে শ্বেতাঙ্গরা সংখ্যালঘু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রে হিসপানিক নয়, এমন শ্বেতাঙ্গদের জন্মহার কমেছে। পক্ষান্তরে সংখ্যালঘু বিভিন্ন জাতিগোষ্ঠীর জন্মহার অর্ধেকেরও বেশি বেড়েছে। সর্বশেষ আদম-শুমারিতে এ তথ্য বেরিয়ে এসেছে।আদমশুমারিতে দেখা গেছে, গত বছরের জুলাই পর্যন্ত কৃষ্ণাঙ্গ, হিসপানিক (মূলত স্পেনের বংশোদ্ভূত), এশীয় এবং মিশ্র জাতিগোষ্ঠীর শিশু জন্মহার ৫০ দশমিক ৪ শতাংশে দাঁড়িয়েছে। আর প্রথমবারের মতো অ-হিস্পানিক শ্বেতাঙ্গ শিশুর জন্মহার সংখ্যালঘুতে পরিণত হয়েছে।সমাজবিজ্ঞানীরা বলছেন, চলতি অর্থনৈতিক মন্দার কারণে শ্বেতাঙ্গ জনগোষ্ঠীর মধ্যে সন্তান নেওয়ার প্রবণতা কমে গেছে। মার্কিন আদমশুমারি বিভাগের হিসাবে, ২০১১ সালের জুলাই পর্যন্ত সংখ্যালঘু জাতিগোষ্ঠীর ২০ লাখ দুই হাজার শিশু জন্ম নিয়েছে, যা যুক্তরাষ্ট্রে জন্ম নেওয়া মোট শিশুর অর্ধেকের কিছু বেশি। সে তুলনায় ১৯৯০ সালে সংখ্যালঘু জাতিগোষ্ঠীর শিশুজন্মহার ছিল মাত্র ৩৭ শতাংশ।যুক্তরাষ্ট্রে গত কয়েক বছরে জন্মহার কমেছে। তবে তুলনামূলক শ্বেতাঙ্গদের মধ্যে জন্মহার বেশি কমেছে। নিউ হ্যাম্পশায়ার বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞানী কেনেথ জনসন বলেন, ২০০৮ সাল থেকে শ্বেতাঙ্গ শিশুর জন্মহার ১১ দশমিক ৪ শতাংশ কমেছে। সে তুলনায় সংখ্যালঘু শিশুর জন্মহার কমেছে মাত্র ৩ দশমিক ২ শতাংশ।ব্রুকিংস ইনস্টিটিউশনের জনসংখ্যাতত্ত্ব বিভাগের প্রধান উইলিয়াম ফ্রের মতে, এই পরিসংখ্যান ভবিষ্যতে যুক্তরাষ্ট্রে যেসব নতুন চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে, তার পূর্বাভাস দিচ্ছে। জনসংখ্যার ক্ষেত্রে পরিবর্তন ঘটছে। ফলে ভবিষ্যতে শ্রমবাজারে শ্বেতাঙ্গদের সংখ্যা কমে যাবে। আদমশুমারির হিসাব অনুযায়ী, বর্তমানে যুক্তরাষ্ট্রের মোট জনসংখ্যার ৩৬ দশমিক ৬ ভাগের বেশি সংখ্যালঘু সম্প্রদায়ভুক্ত। হিসপানিকরা দেশটির সবচেয়ে বড় সংখ্যালঘু সম্প্রদায়। ২০১১ সালে তারা দেশের ১৬ দশমিক ৭ ভাগের প্রতিনিধিত্ব করে। হিসপানিকরাই যুক্তরাষ্ট্রে দ্রুত বেড়ে ওঠা গোষ্ঠী। ২০১০ সাল থেকে তাদের জনসংখ্যা বৃদ্ধির হার ৩ দশমিক ১ ভাগ।হিসপানিকদের পর অ্যাফ্রো-আমেরিকানরা যুক্তরাষ্ট্রের দ্বিতীয় বৃহত্তম সংখ্যালঘু সম্প্রদায়। ২০১১ সালে তাদের জনসংখ্যা ছিল চার কোটি ৩৯ লাখ। আর জনসংখ্যা বৃদ্ধির দিক দিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে এশীয়রা। বিবিসি।