গুয়ান্তানামো বে কারাগারে বন্দী পাঁচ তালেবান নেতাকে ছেড়ে দেওয়ার বিনিময়ে তালেবানের হাত থেকে এক মার্কিন সেনাকে মুক্ত করার ঘটনা নিয়ে যুক্তরাষ্ট্রের প্রধান রাজনৈতিক দলগুলোর মধ্যে জোর বিতর্ক শুরু হয়েছে৷ বিরোধী রিপাবলিকানরা বলেছে, এ ঘটনা আমেরিকাকে ঝুঁকিতে ফেলতে পারে৷ তবে তালেবান জঙ্গিরা এই ঘটনাকে নিজেদের ‘বিজয়’ বলে দাবি করছে৷ খবর এএফপি ও বিবিসির৷
রিপাবলিকান নেতা সিনেটর জন ম্যাককেইন বলেছেন, কিউবার গুয়ান্তানামোয় অবস্থিত মার্কিন কারাগার থেকে মুক্তি দেওয়া তালেবান নেতারা ‘ভয়ংকর ঝুঁকিপূর্ণ মানুষ’৷ আর প্রতিনিধি পরিষদের গোয়েন্দাবিষয়ক কমিটির চেয়ারম্যান রিপাবলিকান মাইক রোগার বলেছেন, ‘ওয়াশিংটন এখন আল-কায়েদার মুক্তিপণ দাবিসংবলিত হুমকির ‘মূল্য’ নির্ধারণ করেছে৷’
তবে আফগানিস্তানে অবস্থানরত মার্কিন প্রতিরক্ষামন্ত্রী চাক হেগেল চুক্তি নিয়ে সমালোচনা নাকচ করে দিয়েছেন৷ তিনি বলেন, ‘তাঁর (মার্কিন সেনা বোয়ি বার্গডাহল) জীবন বাঁচাতে সামরিক বাহিনীকে তৎপর হতে হয়েছিল৷’ তিনি বলেন, ‘আমরা সন্ত্রাসীদের সঙ্গে কোনো সমঝোতা করিনি৷ আমি এর আগে এক ব্যাখ্যায় বিষয়টি বলেছি৷ বার্গডাহল ছিলেন যুদ্ধবন্দী৷ একজন বন্দীকে ফিরিয়ে আনার এটাই সাধারণ নিয়ম৷’
এিদকে, সেনাকে মুক্ত করতে তালেবানের যুক্তরাষ্ট্রের চুক্তির সমালোচনা করে আফগানিস্তান বলেছে, বন্দীদের একটি তৃতীয় দেশের কাছে হস্তান্তরের ঘটনা আন্তর্জাতিক আইনের পরিপন্থী৷ দেশটির সরকারকে বন্দিবিনিময় চুক্তির বিষয়টি আগে জানানো হয়নি৷ তাই যুক্তরাষ্ট্র ও কাতারের প্রতি আহ্বান জানিয়ে তালেবান নেতাদের মুক্ত করে দেওয়ার দাবি জানিয়েছে আফগানিস্তান৷
২০০১ সালে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানের সময় ওই পাঁচ তালেবান নেতাকে আটক করে গুয়ান্তানামো বে কারাগারে পাঠানো হয়৷ ধারণা করা হচ্ছে, এই পাঁচজনই তালেবান জঙ্গিদের সবচেয়ে প্রবীণ নেতা৷ এত দিন তাঁরা সেখানেই বন্দী ছিলেন৷
আর মার্কিন সেনা সার্জেন্ট বোয়ি বার্গডাহল (২৮) প্রায় পাঁচ বছর আগে তালেবান জঙ্গিদের হাতে বন্দী হন৷