যুক্তরাষ্ট্রে তিনজনকে হত্যা করে বন্দুকধারীর আত্মহত্যা
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে গত মঙ্গলবার এক বন্দুকধারীর গুলিতে অন্তত তিন ব্যক্তি নিহত হয়েছেন। আহত হয়েছেন দুই জন। হত্যাযজ্ঞ চালানোর পর বন্দুকধারী নিজেও আত্মহত্যা করেছেন। পুলিশ ওই বন্দুকধারীর পরিচয় নিশ্চিত করেছে। তাঁর নাম আলী সাইদ (২০)। তিনি বেকার ছিলেন এবং পুলিশের নথিপত্রে তাঁর বিরুদ্ধে কোনো অপরাধ কর্মকাণ্ডে জড়িত থাকার প্রমাণ মেলেনি। তিনি মা-বাবার সঙ্গে স্থানীয় একটি বাড়িতে থাকতেন এবং একটি কলেজে খণ্ডকালীন শিক্ষকতা করতেন। তাঁর খুব একটা বন্ধুবান্ধবও ছিল না। লস অ্যাঞ্জেলেসের অরেঞ্জ কাউন্টি শেরিফের এক মুখপাত্র জানান, মঙ্গলবার ভোরে তাঁদের কাছে একটি জরুরি টেলিফোন কল আসে। এর সূত্র ধরে কর্মকর্তারা ৩০ মাইল দূরে অবস্থিত ল্যাডারা রাঞ্চ এলাকার একটি বাড়িতে গিয়ে দেখেন এক নারীর মরদেহ পড়ে আছে। তাঁর শরীরে বেশ কয়েকটি গুলির আঘাত ছিল। পুলিশ জানায়, ওই নারীকে হত্যার পর আলী সাইদ একটি গাড়ি ছিনতাই করেন। এরপর গাড়ি নিয়ে তিনি একটি ব্যস্ততম সড়কে গিয়ে থামেন। পরে তিনি চলন্ত গাড়িগুলোকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছুড়তে থাকেন। এএফপি ও বিবিসি।