যুক্তরাষ্ট্রে তুষারঝড়ে মৃতের সংখ্যা বেড়ে ১৬

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চল দিয়ে বয়ে যাওয়া তুষারঝড়ে গত বৃহস্পতিবার পর্যন্ত ১৬ জনের মৃত্যু হয়েছে। ঝড়ের কারণে বিমানের আট শতাধিক ফ্লাইট বাতিল করা হয়েছে। বিভিন্ন সড়কে যানবাহনের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।আবহাওয়া কর্মকর্তারা জানান, নিউ ইংল্যান্ড অঞ্চলের অঙ্গরাজ্যগুলোতে প্রচণ্ড তুষারপাত হচ্ছে। ইতিমধ্যে ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যের বিভিন্ন স্থানে এক ফুটের বেশি তুষারপাত হয়েছে।তুষারঝড়ের কারণে আরকানসাস ও আলাবামা অঙ্গরাজ্যের দুই লাখ লোকসহ অন্যান্য অঙ্গরাজ্যের হাজার হাজার মানুষ বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়েছে। আরকানসাস ও আলাবামায় বৈদ্যুতিক খুঁটি ও তারের ওপর ১০ ইঞ্চি তুষার জমে আছে। ঝড়ের কারণে নিউইয়র্ক, ওহাইও, ইন্ডিয়ানা, আরকানসাস, ওকলাহোমা, টেক্সাস, লুইজিয়ানা, পেনসিলভানিয়া ও ভার্জিনিয়ায় মৃতের খবর পাওয়া গেছে।ঝড়ে উপড়ে যাওয়া গাছের চাপায় টেক্সাস ও লুইজিয়ানায় দুজন মারা গেছে। নিউইয়র্কে বরফে ঢাকা রাস্তার ওপর দিয়ে যাওয়ার সময় চালক নিয়ন্ত্রণ হারালে একটি গাড়ি এক পথচারীকে চাপা দিলে তার মৃত্যু হয়। ওহাইওতে এক কিশোর গাড়ি চালানোর সময় নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনায় মারা যায়। বিবিসি।