যুক্তরাষ্ট্রে তুষারপাতে অচল বিমানবন্দর আবার চালু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোয় তীব্র তুষারপাতের পর পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। অচল হয়ে পড়া বিমানবন্দরগুলোয় বিমান চলাচল আবার চালু হয়েছে। নিউইয়র্ক, বোস্টন ও ফিলাডেলফিয়ার বিমানবন্দরগুলোয় আটকে পড়া যাত্রীরা বিভিন্ন ফ্লাইটের নতুন সময়সূচির জন্য অপেক্ষা করছে। তুষারপাত বন্ধ হলেও শৈত্যপ্রবাহ চলছে। গতকাল মঙ্গলবারও নিউইয়র্ক, নিউজার্সি, পেনসিলভানিয়া ও কানেটিকাটের রাস্তাঘাটে বরফের স্তূপ জমে ছিল। স্থানীয় লোকজনকে নিজ নিজ বাড়িসংলগ্ন সড়ক থেকে তুষারের স্তূপ সরাতে দেখা যায়। রাস্তাঘাটে জমে থাকা তুষার সরাতে সরকারি কর্মচারীরা একটানা কাজ করে যাচ্ছেন। নিউইয়র্ক নগরের মেয়র মাইকেল ব্লুমবার্গ এক বিবৃতিতে বলেন, পরিস্থিতি স্বাভাবিক হতে কিছুটা সময় লাগবে। হাজার হাজার পরিচ্ছন্নতাকর্মী ১৮ থেকে ২০ ঘণ্টা করে তুষার অপসারণের কাজ করছেন।ট্রেন-বাস চলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে। নিউইয়র্ক ও নিউজার্সিতে গতকাল সীমিতসংখ্যক ট্রেন ও বাস চলাচল করে। সোমবার কর্মদিবস হলেও নিউইয়র্ক ও নিউজার্সিতে বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠান কার্যত বন্ধ ছিল। আবহাওয়া বিভাগ জানায়, আগামী রোববার পর্যন্ত শৈত্যপ্রবাহ ও দমকা বাতাস বয়ে যাবে।