যুক্তরাষ্ট্রে দাবদাহে বিপর্যস্ত মানুষ ১১টি রাজ্যে সতর্কতা জারি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রচণ্ড ঝড়ের ধাক্কা সামাল দিতে না দিতে প্রবল দাবদাহে বিপর্যস্ত হয়ে পড়েছে যুক্তরাষ্ট্রের মানুষের জীবন। ঝড়ে বিদ্যুৎ বিচ্ছিন্ন অবস্থায় থাকা প্রায় পাঁচ লাখ মানুষের অবস্থা গরমে সবচেয়ে নাজুক। দেশটির জাতীয় আবহাওয়া দপ্তর বলেছে, ১১টি অঙ্গরাজ্যে চলতি সপ্তাহে তাপমাত্রা বিপজ্জনক মাত্রায় বেড়ে যেতে পারে। আশঙ্কা করা হচ্ছে, এ তাপমাত্রা কোথাও কোথাও ১১২ ডিগ্রি ফারেনহাইট (৪৪ ডিগ্রি সেলসিয়াস) পর্যন্ত পৌঁছাতে পারে। ওহাইও, ইন্ডিয়ানা, ইলিনয়, কেন্টাকি, মিশিগান, উইসকনসিন, মিনেসোটা, নেব্রাস্কা, সাউথ ডাকোটা, পেনসিলভানিয়া ও নিউজার্সি অঙ্গরাজ্যে প্রচণ্ড দাবদাহের সতর্কতা জারি করা হয়েছে। শুধু যুক্তরাষ্ট্র নয়, প্রতিবেশী কানাডার কিছু অংশেও দাবদাহে জীবন বিপর্যস্ত হয়ে পড়েছে।শিকাগো, মিনেপোলিস ও সেন্ট লুইস শহরে সপ্তাহজুড়েই তাপমাত্রার এই প্রচণ্ড ওঠানামা বজায় ছিল। ওয়াশিংটন ডিসিতে টানা নয় দিন তাপমাত্রা ৯৫ ডিগ্রি ফারেনহাইটের ওপরে ছিল। ওয়াশিংটন পোস্ট-এর এক প্রতিবেদনে জানানো হয়েছে, ১৪১ বছর পর প্রথমবারের মতো এখানকার মানুষ এ ধরনের টানা দাবদাহের মুখোমুখি হলো।এদিকে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়া ওয়েস্ট ভার্জিনিয়ার প্রায় দুই লাখ ৩০ হাজার মানুষ এখনো অন্ধকারেই রয়েছে। এক সপ্তাহ আগে এ রাজ্যের ওপর দিয়ে বয়ে যাওয়া ঝড়ে এখানকার বিদ্যুৎ-সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। ভার্জিনিয়া ও মেরিল্যান্ডের যথাক্রমে ৭১ হাজার ও ৪৫ হাজার মানুষও একইভাবে সপ্তাহ খানেক ধরে বিদ্যুৎহীন অবস্থায় দিন কাটাতে বাধ্য হচ্ছে। বেশ কয়েকটি শহরে শীতলীকরণ কেন্দ্র খোলা হয়েছে। সরকারি সুইমিংপুলগুলোতে সাঁতার কাটার সময়সীমা বাড়ানো হয়েছে। কোথাও কোথাও বিদ্যুৎ না থাকায় রেফ্রিজারেটরের খাবার নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কায় স্থানীয় লোকজনের মধ্যে খাবার বিতরণ করা হচ্ছে। শিকাগোতে শীতাতপ নিয়ন্ত্রণব্যবস্থা কাজ না করায় ২১টি বিদ্যালয় ভবনের ক্লাস বাতিল করা হয়েছে।বলা হচ্ছে, মধ্য পশ্চিমাঞ্চলের উত্তরাংশ থেকে শীতল বাতাস বইতে শুরু করেছে। তবে এ বাতাস তাপমাত্রা কমানোর সঙ্গে সঙ্গে ঝড়ের আশঙ্কাও বয়ে আনছে। গত বৃহস্পতিবার টেনেসির গ্রেট স্মোকি মাউন্টেনস ন্যাশনাল পার্কে ঝড়ে গাছ উপড়ে দুজনের মৃত্যু হয়েছে। পার্কের মুখপাত্র জানিয়েছেন, পার্কের মধ্য দিয়ে যাওয়ার সময় গাছ পড়ে ৪১ বছর বয়সী এক ব্যক্তি এবং অপর এক নারী প্রাণ হারান। ঝড় ও দাবদাহে আবহাওয়ায় যুক্তরাষ্ট্রে এ পর্যন্ত ১৩ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন সরকারি কর্মকর্তারা। বিবিসি।