যুক্তরাষ্ট্রে দুর্নীতির দায়ে সাবেক গভর্নরের কারাদণ্ড
যুক্তরাষ্ট্রের ইলিনয় অঙ্গরাজ্যের সাবেক গভর্নর রড ব্লাগোজেভিচকে রাজনৈতিক দুর্নীতির দায়ে গত বুধবার ১৪ বছরের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে তাঁকে ২২ হাজার ডলার জরিমানা করা হয়। শিকাগোর ডিস্ট্রিক্ট কোর্টের বিচারক জেমস বি জাগেল এই রায় দেন।রড ব্লাগোজেভিচের বিরুদ্ধে সিনেটে খালি হওয়া প্রেসিডেন্ট বারাক ওবামার আসন নিলামে বিক্রির চেষ্টার অভিযোগ রয়েছে। একই সঙ্গে আদালতে অন্যান্য দুর্নীতির অভিযোগও তোলা হয়। গত শনিবার ৫৫ বছর পূর্ণ হয়েছে এই ডেমোক্র্যাট সাবেক গভর্নরের। কৌঁসুলিরা বলেন, ব্যাপক দুর্নীতির অভিযোগে তাঁকে গ্রেপ্তার করা হয়। বিচারক জেমস বি জাগেল তাঁর রায়ে উল্লেখ করেন, সাবেক গভর্নরকে অবশ্যই সাজার প্রাপ্ত দণ্ডের ৮৫ শতাংশ ভোগ করতে হবে। অন্যভাবে বলা যায়, ১২ বছর তাঁকে কারাভোগ করতে হবে। গত জুনে তাঁর বিরুদ্ধে ১৭টি দুর্নীতির অভিযোগ আনা হয়। রড ব্লাগোজেভিচের পক্ষ থেকে আদালতে ক্ষমা চেয়ে আবেদন করা হয়েছে। এতে তিনি ‘যারপরনাই দুঃখিত’ বলে উল্লেখ করা হয়। এএফপি, রয়টার্স।