যুক্তরাষ্ট্রে ধনী-গরিবের আয়ের ব্যবধান বাড়ছে
মার্কিন যুক্তরাষ্ট্রে ধনী-গরিবের আয়ের ব্যবধান ক্রমেই বাড়ছে। ক্যালিফোর্নিয়া ও অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় পরিচালিত এক তথ্য বিশ্লেষণে এ তথ্য উঠে এসেছে।
গবেষণার জন্য মার্কিন রাজস্ব বিভাগ থেকে পাওয়া তথ্য-উপাত্ত বিশ্লেষণ করা হয়েছে। ১৯১৩ থেকে ২০১২ সাল পর্যন্ত পাওয়া তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, গত তিন দশকে যুক্তরাষ্ট্রে ধনী-গরিবের মধ্যে আয়ের ব্যবধান ক্রমশ বাড়ছে। ১৯২৮ সালের পর বর্তমানে দেশটির ধনী-গরিবের মধ্যে আয়ের ব্যবধান সর্বোচ্চ।
অর্থনৈতিক মন্দার কারণে ২০০৭ থেকে ২০০৯ সাল পর্যন্ত মার্কিন ধনী লোকজনের আয় ৩৬ শতাংশ হ্রাস পেয়েছিল। একই সময়ে ৯৯ শতাংশ মার্কিনের আয় কমেছিল গড়ে ১১ শতাংশ। কিন্তু অর্থনৈতিক মন্দা কেটে যাওয়ার পর ধনীরা বেশ ভালোভাবেই ঘুরে দাঁড়িয়েছে। গত বছর যুক্তরাষ্ট্রের মোট আয়ের ৪৮ শতাংশই গেছে শীর্ষস্থানীয় এক শতাংশ মার্কিনের কাছে। এই এক শতাংশের গড় আয় ছিল তিন লাখ ৯৪ হাজার ডলার।