যুক্তরাষ্ট্রে ধনীদের ওপর কর বৃদ্ধির প্রস্তাব বাতিল
যুক্তরাষ্ট্রের উচ্চ আয়ের নাগরিকদের কর বাড়ানোর প্রস্তাব গত বৃহস্পতিবার দেশটির পার্লামেন্টে বাতিল হয়ে গেছে। রিপাবলিকান নেতা ও প্রতিনিধি পরিষদের স্পিকার জন বোয়েনার পার্লামেন্টের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদে এই বিল উত্থাপন করেন। বর্তমান বিরোধী দল রিপাবলিকান পার্টির কট্টরপন্থী নেতারা এই বিলের বিপক্ষে অবস্থান নেন।‘ফিসক্যাল ক্লিফ’ বলে পরিচিত মার্কিন অর্থনৈতিক কর্মসূচির আওতায় এই বিল উত্থাপন করা হয়। বাজেট সংশোধনের নির্ধারিত সময়ের সপ্তাহ দুয়েকের চেয়েও কম সময় আগে তোলা বিলটি বাতিল হওয়ায় হোয়াইট হাউসের সঙ্গে স্পিকার বোয়েনারের আলোচনার ভিত্তি আরও দুর্বল হয়ে গেল বলে মনে করছেন বিশ্লেষকেরা। আগামী ১ জানুয়ারির মধ্যে মার্কিন রাজনীতিকেরা এ ব্যাপারে একটি সমঝোতায় পৌঁছাতে না পারলে অযৌক্তিক কর ও বড় ধরনের ব্যয় সংকোচন নীতি কার্যকর হয়ে যাবে।কোনো কোনো বিশ্লেষক বলছেন, প্রস্তাবিত বিল পাস হলে অর্থনৈতিক মন্দা বাড়বে।স্পিকার বোয়েনার বলেন, তিনি বিল পাসের মতো সমর্থন সংগ্রহ করতে ব্যর্থ হয়েছেন। যদিও এই বিল পাস হলে ৯৯ দশমিক ৮ শতাংশ মার্কিন জনগণের কর হ্রাসের বিষয়টি নিশ্চিত হতো। যাঁদের আয় ১০ লাখ ডলারের ওপর, তাঁদের ক্ষেত্রেই কর কার্যকর হতো। প্রতিনিধি পরিষদে বিল বাতিলের কিছুক্ষণ আগে হোয়াইট হাউস থেকে দেওয়া এক বিবৃতিতে জানানো হয়, এই বিল পাসের পক্ষে কাজ করছেন প্রেসিডেন্ট বারাক ওবামা। বিবিসি।