যুক্তরাষ্ট্রে নির্বাচনী প্রচারে করপোরেট ও শ্রমিক-সংগঠনের কর্তৃত্ব যাচ্ছে না
সাবেক মার্কিন প্রেসিডেন্ট বেঞ্জামিন ফ্রাংকলিন একবার বলেছিলেন, ‘মানুষের জীবনে মৃত্যু আর সরকারি কর (ট্যাক্স)—এই দুটি বিষয় একেবারে ধ্রুব সত্য।’ মৃত্যু আপনাকে আলিঙ্গন করবেই আর সরকারি কর পরিশোধ ছাড়া গত্যন্তর নেই। তবে বর্তমান সময়ের মার্কিন সমাজের বাস্তবতায় তাঁর আসলে বলা উচিত ছিল, এ দুটি বিষয়ের পাশাপাশি রাজনীতিবিদদের নির্বাচনী প্রচারে ব্যয়ব্যবস্থার সংস্কার করা জরুরি। যুক্তরাষ্ট্রের রাজনীতি থেকে অর্থকড়িকে আলাদা করে রাখা এখন যথেষ্টই দুরূহ কাজ। সম্প্রতি মার্কিন সুপ্রিম কোর্টে বিষয়টি তাই বড় একটি বিতর্কের বিষয় হয়ে ওঠে।২০০২ সালে যুক্তরাষ্ট্রে নির্বাচনী প্রচারের ক্ষেত্রে মার্কিন আদালত করপোরেট-প্রতিষ্ঠান ও বিভিন্ন সংগঠনের ব্যয়ের সীমা নির্ধারণ করে দিয়েছিলেন। ‘সিটিজেন ইউনাইটেড ভার্সেস ফেডারেল ইলেকশন কমিশন’ নামের ওই রায়ের মাধ্যমে নির্বাচনী ব্যয়সীমা নির্ধারণ করে দেন আদালত। পরে তা ‘ম্যাককেইন-ফাইনগোল্ড ক্যাম্পেইন ফিন্যান্স রিফর্ম’ আইন নামে অনুমোদন পায়।কিন্তু এ বছরের জানুয়ারিতে সুপ্রিম কোর্ট ম্যাককেইন-ফাইনগোল্ড আইনের ধারায় সংস্কার এনে রায় দেন। ওই রায়ের মাধ্যমে এখন করপোরেট-প্রতিষ্ঠান ও শ্রমিক-সংগঠনগুলো নির্বাচনী প্রচারে প্রার্থীদের পক্ষে অংশ নিতে পারবে। তবে ওই সিদ্ধান্তটি নিতে বিচারকদের মধ্যে কম বিতর্ক হয়নি।২০০৮ সালে রিপাবলিকানপন্থী মার্কিন অলাভজনক সংগঠন সিটিজেন ইউনাইটেড হিলারি ক্লিনটনবিরোধী একটি সিনেমা তৈরি করে, যার নাম হিলারি: দ্য মুভি। সংগঠনটি সিনেমাটি প্রদর্শনের ব্যবস্থা করে এবং এর জন্য তারা সংগঠনের রাজনৈতিক কার্য-কমিটির তহবিল থেকে অর্থ না নিয়ে করপোরেট তহবিল থেকে পাওয়া অর্থ ব্যয় করে। কিন্তু ওই সময় এমন কাজ করা আইন লঙ্ঘনের শামিল ছিল। কারণ ২০০২ সালের ‘ম্যাককেইন-ফাইনগোল্ড ক্যাম্পেইন ফিন্যান্স রিফর্ম’ আইন অনুযায়ী নির্বাচনী প্রচারের ক্ষেত্রে ওই দুই ধরনের তহবিল ব্যবহারের ক্ষেত্রে নির্ধারিত বাধ্যবাধকতা ছিল।কিন্তু গত জানুয়ারিতে আদালতে বিচারকেরা ওই আইনকে অসিংবিধানিক হিসেবে রায় দিয়েছেন। আদালতের সিদ্ধান্তে বলা হয়, মতপ্রকাশের স্বাধীনতা যদি কোনো ব্যক্তির বক্তব্য সম্প্রচারের অধিকার নিশ্চিত করে, তাহলে এই অধিকার ব্যবসায়িক গোষ্ঠী, শ্রমিক সংঘ ও সিটিজেন ইউনাইটেডের ক্ষেত্রেও প্রযোজ্য হবে। এই মামলা নিয়ে তখন আদালতের বিচারকদের মধ্যে বিতর্ক তৈরি হয়। সংখ্যাগরিষ্ঠ পক্ষের বিচারক অ্যান্থনি কেনেডি তাঁর রায়ে বলেন, ‘একটি আলোকিত সরকারব্যবস্থা প্রতিষ্ঠা ও টিকিয়ে রাখার প্রয়োজনীয় পূর্বশর্তই হচ্ছে নাগরিকদের জানতে চাওয়ার, শোনার, বলার ও মতৈক্যে পৌঁছানোর জন্য তথ্যকে ব্যবহার করার অধিকার নিশ্চিত করা।’এর বিপরীতে ভিন্নমতাবলম্বীদের পক্ষে বিচারক জন পল স্টিভেন্সের ৯০ পৃষ্ঠার বক্তব্যে ‘ম্যাককেইন-ফাইনগোল্ড’ আইনের প্রশংসা করা হয়। তাঁদের বক্তব্য, বিধিনিষেধ না থাকলে করপোরেশন ও বড় শ্রমিক-সংঘগুলো রাজনীতির ওপর প্রভাব বিস্তার করতে পারে। এর ফলে দেশজুড়ে নির্বাচিত প্রতিষ্ঠানগুলোর সমন্বয় কার্যক্রম হুমকির মুখে পড়বে।তবে ভিন্ন মতের অনুসারীদের যুক্তি শেষ পর্যন্ত টেকেনি। ম্যাককেইন-ফাইনগোল্ড আইন সংশোধন হয়েছে। এখন করপোরেট-প্রতিষ্ঠান ও শ্রমিক-সংগঠনগুলোও নির্বাচনী প্রচারে প্রার্থীদের পক্ষে অংশ নিতে পারবে। এ বছর মধ্যবর্তী কংগ্রেস নির্বাচনেও তাই দেখা যাবে করপোরেট-প্রতিষ্ঠানগুলোর দাপট। —টাইম অবলম্বনে আরিফ মো. তারেক হাবিব