যুক্তরাষ্ট্রে পাকিস্তানি বিজ্ঞানীর বিচার শুরু
নিউইয়র্কে গতকাল মঙ্গলবার পাকিস্তানের এক নারী স্নায়ুবিজ্ঞানীর বিচার শুরু হয়েছে। যুক্তরাষ্ট্রে পড়াশোনা করা এ বিজ্ঞানীর বিরুদ্ধে অভিযোগ, তিনি আফগানিস্তানে একজন মার্কিন কর্মকর্তাকে হত্যার চেষ্টা করেছেন। খবর এএফপির। মার্কিন কর্মকর্তারা বলেছেন, আল-কায়েদার সঙ্গে আফিয়া সিদ্দিকী (৩৭) নামে এ পাকিস্তানি বিজ্ঞানীর যোগাযোগ রয়েছে। ২০০৮ সালের ১৮ জুলাই আফগানিস্তানে আটকের পর তিনি এক মার্কিন কর্মকর্তাকে হত্যার ব্যর্থ চেষ্টা করেন। তাঁরা বলেন, বিচারপূর্ব শুনানিকালে আফিয়া আদালতকে সহযোগিতা করতে অস্বীকৃতি জানান।গত সপ্তাহে আদালতে শুনানিকালে আফিয়া বলেন, ২০০১ সালের ১১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে সন্ত্রাসী হামলার সঙ্গে তিনি জড়িত ছিলেন না। আর এ হামলার জন্য ইহুদিরাই দায়ী। তিনি বলেন, তাঁর বিচারের জুরিবোর্ডে কোনো ইহুদি থাকুক—এটা তিনি চান না। এ সময় আফিয়া উত্তেজিত হওয়ায় আদালত তাঁকে সরিয়ে নেওয়ার নির্দেশ দেন।এর আগে ২০০৯ সালের জুলাইয়ে আদালত আফিয়াকে বিচারের জন্য মানসিকভাবে সুস্থ বলে ঘোষণা দেন। বিচারপূর্ব আটকাবস্থায় আফিয়া চিত্তবিভ্রমে ভুগছেন বলে তাঁর আইনজীবীরা দাবি করেছিলেন। আদালত এ দাবি প্রত্যাখ্যান করেন।ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজি থেকে স্নাতক সম্পন্ন করেন আফিয়া। ২০০৪ সালে আল-কায়েদার সঙ্গে জড়িত থাকার অভিযোগে যুক্তরাষ্ট্রের সন্দেহভাজন তালিকায় তাঁর নাম আসে। মার্কিন কর্মকর্তাদের অভিযোগ, ২০০১ সালে ৯/১১ হামলার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকারকারী খালিদ শেখ মোহাম্মদের এক আত্মীয়কে বিয়ে করেছেন আফিয়া সিদ্দিকী। তবে মার্কিন মিডিয়ায় ‘লেডি কায়েদা’ হিসেবে বর্ণিত এই নারীকে কখনোই সন্ত্রাসীর অভিযোগে অভিযুক্ত করা হয়নি। আফগানিস্তানের গজনি থেকে কিছু কাগজপত্রের সূত্র ধরে আফিয়াকে আটক করা হয়েছিল। এসব কাগজপত্রে একটি ‘ভয়াবহ হামলা’ এবং স্ট্যাচু অব লিবার্টিসহ কিছু স্থাপনার কথা উল্লেখ ছিল। পরে আটক অবস্থায় তিনি একজন মার্কিন কর্মকর্তার রাইফেল ছিনিয়ে নিয়ে তাঁকে লক্ষ্য করে গুলি চালিয়েছেন বলে অভিযোগ রয়েছে। তবে গুলিটি লক্ষ্যভ্রষ্ট হয় এবং সেটি ফিরে এসে তাঁর তলপেটেই বিদ্ধ হয়। এরপর তাঁকে নিউইয়র্কে নিয়ে আসা হয় এবং সেখানে তাঁর চিকিত্সা চলে।