যুক্তরাষ্ট্রে পাকিস্তানের নতুন রাষ্ট্রদূত নিয়োগ
যুক্তরাষ্ট্রে পাকিস্তানের নতুন রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ পেয়েছেন সাবেক তথ্যমন্ত্রী ও আইনপ্রণেতা শেরি রেহমান। হুসাইন হাক্কানি পদত্যাগের কয়েক ঘণ্টার মধ্যে গতকাল বুধবার প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানি তাঁকে এ নিয়োগ দেন।প্রধানমন্ত্রী গিলানির প্রেসসচিব আকরাম শহীদ বলেন, শেরি রেহমানকে যুক্তরাষ্ট্রে পাকিস্তানের রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দিয়েছেন প্রধানমন্ত্রী। রেহমান গতকাল সকালে প্রধানমন্ত্রীর সঙ্গে ইসলামাবাদে সাক্ষাৎ করেন। তিনি এর বেশি কিছু বলেননি।ক্ষমতাসীন প্রধান রাজনৈতিক দল পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) এই আইনপ্রণেতা প্রেসিডেন্ট আসিফ আলী জারদারির ঘনিষ্ঠজন হিসেবে পরিচিত। এ ছাড়া তিনি পাকিস্তানে একজন উদারপন্থী রাজনীতিবিদ হিসেবেও সমাদৃত।অ্যাবোটাবাদে গত ২ মে মার্কিন সামরিক অভিযানে আল-কায়েদার নেতা ওসামা বিন লাদেন নিহত হওয়ার পর পাকিস্তানি সেনাবাহিনী অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা গ্রহণ করতে পারে—এমন আশঙ্কায় ওয়াশিংটনে নিযুক্ত তৎকালিন পাকিস্তানি রাষ্ট্রদূত হুসাইন হাক্কানি যুক্তরাষ্ট্রের তখনকার জয়েন্ট চিফ অব স্টাফ অ্যাডমিরাল মাইক মুলেনের সাহায্য কামনা করেন। এ ক্ষেত্রে তিনি প্রেসিডেন্ট জারদারির নির্দেশের কথা উল্লেখ করেন।বিষয়টি জানাজানি হওয়ার পর পাকিস্তান সরকার এর তদন্ত করে। তদন্তে বিষয়টি প্রমাণিত হওয়ায় হাক্কানিকে পদত্যাগের আহ্বান জানানো হয়। এর পরিপ্রেক্ষিতে গত মঙ্গলবার তিনি পদত্যাগ করেন। তবে তিনি কোনো ভুল করেননি বলে দাবি করেন।এ ঘটনায় পাকিস্তানে নতুন করে রাজনৈতিক জটিলতার সৃষ্টি হতে পারে বলে মনে করেন দেশটির রাজনৈতিক বিশ্লেষক ও সাবেক লে. জেনারেল তালাত মাসুদ। তিনি বলেন, ‘এটা কেবল শুরু। এটা এখানেই শেষ নয়।’ তিনি আরও বলেন, বিরোধীরা এ ঘটনার সুবিধা নেওয়ার চেষ্টা করবে। এএফপি।