যুক্তরাষ্ট্রে পার্ল হারবারে হামলার ৭০তম বর্ষপূর্তি পালিত
যুক্তরাষ্ট্রে গতকাল বুধবার ঐতিহাসিক পার্ল হারবারে হামলার ৭০তম বর্ষপূর্তি পালিত হয়েছে। স্মৃতিসৌধে ফুল দিয়ে ও জাতীয় পতাকা অর্ধনমিত রেখে ওই হামলায় নিহত ব্যক্তিদের প্রতি শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে দিনটি পালন করা হয়। ৭০ বছর আগে, ১৯৪১ সালের ৭ ডিসেম্বর সকালে ওই মার্কিন পোতাশ্রয়ে জাপানি বিমান হামলায় ডুবে যায় বা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় ২০টি মার্কিন যুদ্ধজাহাজ। ধ্বংস হয় ১৯৫টি মার্কিন বিমান। ওই বিমান হামলায় দুই হাজার ৪০০ মার্কিন নাগরিক নিহত হয়েছিল। আহত হয়েছিল আরও এক হাজারের বেশি লোক। হতাহত ব্যক্তিদের স্মরণে গতকাল হাওয়াই অঙ্গরাজ্যের পার্ল হারবারে আয়োজন করা হয় স্মরণ অনুষ্ঠানের। হামলা থেকে রক্ষা পাওয়া কিছু মার্কিন নাগরিক ও প্রবীণ সেনা কর্মকর্তা ওই অনুষ্ঠানে যোগ দেন।রাজধানী ওয়াশিংটনে দ্বিতীয় বিশ্বযুদ্ধের স্মৃতিস্তম্ভে আয়োজন করা হয় আরেকটি অনুষ্ঠানের। প্রেসিডেন্ট বারাক ওবামা এর আগে গত মঙ্গলবার পার্ল হারবারে হামলায় হতাহত ব্যক্তিদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। এক বাণীতে ওবামা বলেন, ৭০ বছর আগের এই দিনটিতে পার্ল হারবারের আকাশ জাপানি বোমায় কালো হয়ে গিয়েছিল। তাদের প্রত্যাশা ছিল, আচমকা হামলার মাধ্যমে যুক্তরাষ্ট্রের মানুষকে মানসিকভাবে দুর্বল করে দেওয়া। কিন্তু তা হয়নি। এএফপি।