যুক্তরাষ্ট্রে পূর্বাঞ্চলীয় কুগার বিলুপ্ত ঘোষণা
পূর্বাঞ্চলীয় কুগারকে গত বুধবার আনুষ্ঠানিকভাবে বিলুপ্ত ঘোষণা করেছে যুক্তরাষ্ট্রের ফিশ অ্যান্ড ওয়াইল্ড লাইফ সার্ভিস। এটি বিড়াল-জাতীয় এক ধরনের বড় বন্য প্রাণী। অবশ্য গত শতকের ত্রিশের দশকের শুরুতে প্রাণীটি বিলুপ্ত হয়েছে বলে প্রথম ধারণা করা হয়। যুক্তরাষ্ট্রে পূর্বাঞ্চলীয় কুগার ‘ভুতুড়ে বিড়াল’ বলে পরিচিত। এর আরেক নাম মাউন্টেন লায়ন। দীর্ঘদিন ধরে খুব দুর্লভ বলে প্রাণীটির এই খেতাব জুটেছে। ১৯৭৩ সালের বিপন্ন প্রজাতির প্রাণীর তালিকায় কুগার ছিল এক নম্বরে। ফিশ অ্যান্ড ওয়াইল্ড লাইফ সার্ভিসের এক বিবৃতিতে বলা হয়, তাদের পক্ষ থেকে সংগৃহীত তথ্য-উপাত্ত পর্যালোচনা করে দেখা গেছে, পূর্বাঞ্চলীয় কুগার বিলুপ্ত হয়েছে। কাজেই বিপন্ন প্রজাতির প্রাণীর তালিকা থেকে এটির নাম বাদ দিতে তারা সুপারিশ করছে।বিবৃতিতে বলা হয়, একমাত্র পশ্চিমাঞ্চলীয় কুগার এখনো জীবিত আছে। নাক থেকে লেজ পর্যন্ত পুরুষ কুগারের দৈর্ঘ্য ৮ ফুট পর্যন্ত হয়ে থাকে। যুক্তরাষ্ট্র ও কানাডার বনাঞ্চলে রয়েছে এই কুগারগুলো। এএফপি।