যুক্তরাষ্ট্রে পৌঁছেছেন চেন গুয়াংচেং
চীনের ভিন্নমতাবলম্বী মানবাধিকার কর্মী চেন গুয়াংচেং গত শনিবার যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে পৌঁছেছেন। মাসব্যাপী চীন ও যুক্তরাষ্ট্রের সম্পর্কের টানাপোড়েনের পর দৃষ্টিপ্রতিবন্ধী চেনকে যুক্তরাষ্ট্রে নিয়ে যাওয়া হয়।ইউনাইটেড এয়ারলাইনসের একটি ফ্লাইটে করে বেইজিং থেকে নিউইয়র্কের বিমানবন্দরে পৌঁছার পর চেনকে ম্যানহাটানের নিউইয়র্ক ইউনিভার্সিটির একটি আবাসিক ভবনে নিয়ে যাওয়া হয়। চেনের সঙ্গে তাঁর স্ত্রী ইউয়ান ওয়েজিং এবং দুই সন্তানও রয়েছে। এই ভবনেই চেন স্ত্রী-সন্তান নিয়ে বসবাস করবেন।নিউইয়র্কে পৌঁছার পরই চেনকে অভিনন্দন জানানো হয়। এ সময় তিনি মার্কিন দূতাবাসকে ধন্যবাদ জানিয়ে সাংবাদিকদের বলেন, ‘চীন সরকার শান্ত ও সংযতভাবে পরিস্থিতি সামাল দেওয়ায় আমি খুবই সন্তুষ্ট। চীন এ ধারা চালিয়ে যাক, বিশ্বের দরবারে সম্মানিত হোক এবং জনগণের আস্থা অর্জন করুক—এটাই আমার প্রত্যাশা।’চীনে সাত বছরের বেশি সময় ধরে কারা বা গৃহবন্দী থাকার পর গত মাসে চেন নাটকীয়ভাবে পালিয়ে বেইজিংয়ের মার্কিন দূতাবাসে আশ্রয় নেন। এ নিয়ে ওয়াশিংটন ও বেইজিং বিব্রতকর পরিস্থিতির মুখোমুখি হয়। ভিন্নমতাবলম্বী এই মানবাধিকার কর্মীকে যুক্তরাষ্ট্রে যাওয়ার অনুমতি দেওয়ার বিষয়ে বেইজিং ও ওয়াশিংটনের কূটনীতিক পর্যায়ে সমঝোতা হয়। এরপর নিউইয়র্ক বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ চেনকে বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার আমন্ত্রণ জানায়। শনিবার চেনকে বেইজিং হাসপাতাল থেকে ছাড়পত্র দিয়ে যুক্তরাষ্ট্রগামী বিমানে তুলে দেয় চীনা কর্তৃপক্ষ। চেন গুয়াংচেং চীনের এক সন্তাননীতি বাস্তবায়নে জোরপূর্বক বন্ধ্যত্বকরণ ও গর্ভপাতের সরকারি পদক্ষেপের সমালোচনা করেন।২০০৬ সালে সরকারি সম্পদ ধ্বংসের অভিযোগে চেনকে কারাগারে পাঠায় চীন সরকার। ২০১০ সালে কারাগার থেকে মুক্তি পাওয়ার পর তাঁকে গৃহবন্দী করা হয়। এএফপি।