যুক্তরাষ্ট্রে প্রচণ্ড ঝড়, রাজধানীতে বিদ্যুৎ বিপর্যয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসি ও এর আশপাশের এলাকায় শুক্রবারের ঝড়ে বিদ্যুৎ সরবরাহে বিপর্যয় দেখা দেয়। এতে প্রায় ২০ লাখ মানুষ বিপাকে পড়ে।ওয়েস্ট ভার্জিনিয়া, ভার্জিনিয়া, ওয়াশিংটন ও মেরিল্যান্ড অঙ্গরাজ্যের ওপর দিয়ে ঘণ্টায় প্রায় ১২০ কিলোমিটার পর্যন্ত গতিবেগে একাধিক ঝড় বয়ে যায়। শুক্রবারের ঝড়ে দুজনের মৃত্যু হয়েছে বলে কর্তৃপক্ষ জানিয়েছে। স্থানীয়ভাবে ‘ডেরেকো’ নামে পরিচিত ওই ঝড়ে বহু গাছ উপড়ে যায় এবং গাছের ডাল ও বিদ্যুতের খুঁটি ভেঙে পড়ে। এ ছাড়া গাছ ভেঙে পড়ে এবং বিদ্যুৎসংযোগ বিচ্ছিন্ন হয়ে ওয়াশিংটনে মেট্রো রেল চলাচলে বিঘ্ন ঘটে। বিদ্যুৎ সরবরাহে বিপর্যয়ের ফলে ওয়েস্ট ভার্জিনিয়া অঙ্গরাজ্যে জরুরি অবস্থা ঘোষণা করা হয়। সেখানে অন্তত পাঁচ লাখ মানুষ দুর্ভোগে পড়ে। পুলিশের বরাত দিয়ে সংবাদমাধ্যম জানায়, ভার্জিনিয়া অঙ্গরাজ্যের ফেয়ারফ্যাক্স কাউন্টিতে ঝড়ের সময় একটি বাড়ির ওপর গাছ ভেঙে পড়লে এক নারীর মৃত্যু হয়। একই অঞ্চলে আরও এক ব্যক্তির মৃত্যুর খবর পাওয়া যায়।দেশটির জাতীয় আবহাওয়া বিভাগ জানায়, মধ্য আটলান্টিক অঞ্চলের কয়েকটি অঙ্গরাজ্যে তাপমাত্রা অনেক বেড়েছে। তাপমাত্রা শিগগির কমতে পারে। তবে আবারও বৈরী আবহাওয়া ও বজ্রঝড়ের আশঙ্কা রয়েছে। বিবিসি।