যুক্তরাষ্ট্রে প্রলয়ংকরী টর্নেডোর আঘাতে ২৭ জনের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রের মধ্যাঞ্চলের পাঁচটি অঙ্গরাজ্যে গত শুক্রবার রাতে প্রলয়ংকরী টর্নেডো আঘাত হেনেছে। এতে অন্তত ২৭ জনের প্রাণহানি ঘটেছে। একটি ছোট শহর প্রায় ‘নিশ্চিহ্ন’ হয়ে গেছে। অনেক ঘরবাড়ি, বেশ কয়েকটি শিক্ষা ও ব্যবসাপ্রতিষ্ঠান বিধ্বস্ত হয়েছে। কর্মকর্তারা এ কথা জানান। স্থানীয় পুলিশ সূত্র নিশ্চিত করেছে, ইন্ডিয়ানার তিনটি কাউন্টিতে অন্তত ১৩ জনের মৃত্যু হয়েছে। কেন্টাকিতে ১২ জন ও ওহাইওতে দুজনের প্রাণহানি ঘটেছে।প্রত্যক্ষদর্শীদের বিবরণ অনুযায়ী, প্রবল বাতাসের তোড়ে মালবাহী ট্রাক ও গাছপালা উড়ে গেছে। বহু পাকা ভবন ও কাঠের তৈরি বাড়ি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। এসব ধ্বংসস্তূপের নিচে আটকে পড়া লোকজনকে উদ্ধারের চেষ্টা চলছে। টিভিতে প্রচারিত ভিডিওচিত্রে দেখা গেছে, একটি স্কুলবাস একটি বাড়ির ওপর উঠে আছে। ট্রাক উড়ে গিয়ে পড়েছে খালের পানিতে। বেশ কিছু দালান ভেঙে পড়েছে। কাঠের তৈরি বিভিন্ন বাড়িঘর লন্ডভন্ড হয়ে গেছে।কেন্টাকির বিভিন্ন দমকল কেন্দ্র, শিক্ষাপ্রতিষ্ঠান ও কারাগার টর্নেডোর আঘাতে ধ্বংসস্তূপে পরিণত হয়। ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের গভর্নর মিচ ড্যানিয়েলস বলেন, ‘টর্নেডোর প্রতিটি আঘাতে আমি হতবাক হয়ে গেছি। এদিক দিয়ে টর্নেডো বয়ে যাওয়ার কথা আমরা শুনেছি। এ জন্য আমরা কিছু প্রস্তুতিও নিয়েছিলাম। তবে যা হয়েছে, তা অপ্রত্যাশিত। প্রকৃতিমাতার এই ভয়ঙ্কর রূপের সঙ্গে আমরা আগে এভাবে পরিচিত ছিলাম না।’ পুলিশ জানায়, ইন্ডিয়ানা অঙ্গরাজ্যে অন্তত ১৩ জনের মৃত্যু হয়েছে। অঙ্গরাজ্যের জয়েন্ট ইনফরমেশন সেন্টারের এক বিবৃতিতে বলা হয়, ‘প্রাথমিক খবরে জানা গেছে, ইন্ডিয়ানার দক্ষিণ-পূর্বাঞ্চলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে ক্লার্কের হেনরিভিলা ও ম্যারিসাভিল এবং ওয়াশিংটন কাউন্টির পেকিন ও নিউ পেকিন এলাকায়।’জাতীয় আবহাওয়া বিভাগ শুক্রবার সন্ধ্যায় আটটি অঙ্গরাজ্য থেকে টর্নেডো আঘাত হানার ৮৩টি ফোন পেয়েছে বলে জানিয়েছে। গতকাল শনিবার সন্ধ্যা নাগাদ যুক্তরাষ্ট্রের আরও চারটি অঙ্গরাজ্যের ওপর দিয়ে টর্নেডো বয়ে যাওয়ার আশঙ্কা করা হচ্ছিল। ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের ক্লার্ক কাউন্টির কর্মকর্তারা জানান, ঝড়ে গাছপালা উপড়ে গিয়ে বিভিন্ন রাস্তার ওপর পড়ায় যান চলাচল বন্ধ রয়েছে। বিদ্যুৎ ও টেলিফোন সংযোগ বিচ্ছিন্ন রয়েছে। সরকারি কর্মকর্তা মেজর চাক অ্যাডামস বলেন, টর্নেডোর তাণ্ডবে ছোট শহর ম্যারিসাভিল এমনভাবে বিধ্বস্ত হয়েছে যে গোটা শহর একেবারে মাটির সঙ্গে মিশে গেছে। হেনরিভিল শহরের একটি হাইস্কুলে ব্যাপক ক্ষতি হয়েছে। তবে শিক্ষার্থীদের নিরাপদে সরিয়ে নেওয়া সম্ভব হয়েছে। কয়েকজন সামান্য আঘাত পেয়েছে। ইন্ডিয়ানার হলটন শহরে দুই ব্যক্তির মৃত্যু হয়েছে। ইন্ডিয়ানার নিরাপত্তা বিভাগ জানায়, জেফারসন ও স্কট কাউন্টিতে ছয়জনের প্রাণহানি ঘটেছে। কেনটাকির সরকারি কর্মকর্তারা পাঁচজনের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। আলাবামার মেডিসন এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। লোকজন ধ্বংসস্তূপের নিচে আটকা পড়েছে। বহু ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে ও গাছপালা উপড়ে গেছে। আবহাওয়া বিভাগ জানায়, টেনেসির ক্লিভল্যান্ড এলাকায় কমপক্ষে ৬০০ বাড়িঘর বিধ্বস্ত হয়েছে। এর আগে মঙ্গল ও বুধবার ছয়টি অঙ্গরাজ্যে ভয়াবহ টর্নেডো আঘাত হানে। এতেও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। লোকজন আগের ধকল এখনো কাটিয়ে উঠতে পারেনি। এর মধ্যে টর্নেডো আবার আঘাত হানল। এএফপি, বিবিসি।