যুক্তরাষ্ট্রে ফিরতে চান স্নোডেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এডওয়ার্ড স্নোডেন
এডওয়ার্ড স্নোডেন

যুক্তরাষ্ট্রে জাতীয় নিরাপত্তা সংস্থা এনএসএর সাবেক চুক্তিভিত্তিক কর্মী এডওয়ার্ড স্নোডেন দেশে ফিরতে চান। গতকাল বুধবার এনবিসিকে দেওয়া এক সাক্ষাত্কারে এ মনোভাব ব্যক্ত করেন তিনি।
স্নোডেন বলেন, লাখ লাখ টেলিফোন কলে আড়ি পেতে মার্কিন গোয়েন্দারা দেশটির সংবিধানের চরম লঙ্ঘন করছিলেন। এমন প্রেক্ষাপটে ওই সব নথি ফাঁস করা ছাড়া তাঁর সামনে কোনো বিকল্প ছিল না। দেশের জন্যই এসব করেছেন তিনি।
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি বলেন, স্নোডেনের উচিত দেশে ফিরে বিচারের মুখোমুখি হওয়া।
এনবিসিকে দেওয়া সাক্ষাত্কারে স্নোডেন দাবি করেন, তিনি সে দেশের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএ ও এনএসএর একজন প্রশিক্ষণপ্রাপ্ত গোয়েন্দা কর্মকর্তা ছিলেন। মূলত উচ্চপ্রযুক্তি নিয়ে গোয়েন্দাগিরি করাই ছিল তাঁর কাজ। সিআইএ ও এনএসএর হয়ে বিদেশে চরবৃত্তি করেছেন। নকল নামে তথ্য সংগ্রহ করেছেন তিনি।
মার্কিন গোয়েন্দাদের লাখ লাখ নথি হাতিয়ে ২০১৩ সালে যুক্তরাষ্ট্র থেকে পালিয়ে যান স্নোডেন (৩০)। হংকং হয়ে বর্তমানে তিনি রাশিয়ায় সাময়িক রাজনৈতিক আশ্রয়ে আছেন। প্রকাশিত অন্যান্য নথির মধ্যে যুক্তরাষ্ট্রসহ সারা বিশ্বে এনএসএ যে লাখ লাখ টেলিফোন কলে আড়ি পেতেছে, তা ফাঁস করেন স্নোডেন। এমনকি বিদেশি নেতাদেরও ফোনকল রেকর্ড করেছে এনএসএ। এ ঘটনার পর এনএসএর ভূমিকা নিয়ে যুক্তরাষ্ট্রে তীব্র বিতর্কের সৃষ্টি হয়।