যুক্তরাষ্ট্রে বন্দী মজিদের বিরুদ্ধে মোশাররফকে হত্যাচেষ্টার অভিযোগ
যুক্তরাষ্ট্রে বন্দী পাকিস্তানি নাগরিক মজিদ খানের বিরুদ্ধে পাকিস্তানের সাবেক প্রেসিডেন্ট পারভেজ মোশাররফকে হত্যাচেষ্টায় জড়িত থাকার অভিযোগ আনা হয়েছে। গুয়ানতানামো বে যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালের মার্কিন কৌঁসুলিরা তাঁর বিরুদ্ধে এ অভিযোগ আনেন। অভিযোগে বলা হয়, মোশাররফকে হত্যার উদ্দেশ্যে বিস্ফোরক নিয়ে পোশাকে মজিদ খান ২০০২ সালে পাকিস্তানের করাচি শহরের একটি মসজিদে অবস্থান নেন। ওই মসজিদে মোশাররফের যাওয়ার কথা ছিল। আল-কায়েদার সদস্য মজিদ খানের আত্মঘাতী এই উদ্যোগ শেষ পর্যন্ত ব্যর্থ হয়।কৌঁসুলিরা অভিযোগ করেন, নিউইয়র্কে নাইন-ইলেভেন হামলার স্বঘোষিত পরিকল্পনাকারী খালিদ শেখ মোহাম্মদের সঙ্গে মজিদ খানের সরাসরি যোগাযোগ ছিল। তাঁরা যুক্তরাষ্ট্রের ভূগর্ভস্থ পেট্রলট্যাংক উড়িয়ে দেওয়ার পরিকল্পনা করেছিলেন। এ ছাড়া ইন্দোনেশিয়ায় কয়েকটি পানশালা ও নাইটক্লাবে হামলার ষড়যন্ত্রের সঙ্গেও জড়িত ছিলেন মজিদ খান। মজিদ খান যুক্তরাষ্ট্র সরকারের অনুমতি নিয়ে ১৯৯৬ সাল থেকে বাল্টিমোরে সপরিবারে বসবাস করেন। স্থানীয় একটি প্রতিষ্ঠান থেকে তিন বছর পর স্নাতক নেন তিনি। কিছুদিন তিনি পারিবারিক গ্যাসস্টেশনে কাজ করেন। তিনি পাকিস্তানে ২০০২ সালে একাধিক বিয়ের অনুষ্ঠানে যোগ দেন। সেখানে খালিদ শেখ মোহাম্মদের সঙ্গে পরিচয়ের পর থেকে তিনি আল-কায়েদার সঙ্গে জড়িয়ে পড়েন। রয়টার্স।