যুক্তরাষ্ট্রে বিপণিকেন্দ্রে দুজনকে হত্যার পর বন্দুকধারীর আত্মহত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রের অরেগন অঙ্গরাজ্যের একটি বিপণিকেন্দ্রে এক বন্দুকধারীর এলোপাতাড়ি গুলিতে দুজন নিহত হয়েছে। পরে বন্দুকধারী আত্মহত্যা করেন। এ ছাড়া এ ঘটনায় গুরুতর আহত অপর একজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। গত মঙ্গলবার পোর্টল্যান্ড শহরের পার্শ্ববর্তী ক্ল্যাকমাস নামের বিপণিকেন্দ্রে এ ঘটনা ঘটে।প্রত্যক্ষদর্শীরা জানান, বিপণিকেন্দ্রে বড়দিন উপলক্ষে ক্রেতাদের অনেক ভিড় ছিল। স্থানীয় সময় বেলা সাড়ে তিনটার দিকে স্বয়ংক্রিয় আগ্নেয়াস্ত্র নিয়ে মুখোশ পরা এক ব্যক্তি বিপণিকেন্দ্রের তিনতলার একটি দোকানের সামনে এসে এলোপাতাড়ি গুলি ছুড়তে শুরু করেন। এতে তিনজন গুলিবিদ্ধ হয়। ঘটনাস্থলেই মারা যায় দুজন। পরে বন্দুকধারী নিজের গুলিতেই আত্মহত্যা করেন। এ সময় আতঙ্কে চারদিকে ছোটাছুটি শুরু করেন দোকানি ও ক্রেতারা। অনেকে বিপণিকেন্দ্রের আনাচে-কানাচে গিয়ে আশ্রয় নেয়। পরে পুলিশ ও জরুরি সেবায় নিয়োজিত কর্মীরা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। ঘটনাস্থল থেকে একটি বন্দুক উদ্ধার করা হলেও হামলাকারীর পরিচয় পাওয়া যায়নি। বিবিসি।