যুক্তরাষ্ট্রে বিশ্ববিদ্যালয়ে বন্দুকধারীর গুলিতে সাতজন নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় একটি শিক্ষাপ্রতিষ্ঠানে গত সোমবার এক বন্দুকধারীর এলোপাতাড়ি গুলিতে সাতজন নিহত ও তিনজন আহত হয়। পুলিশের কর্মকর্তারা এ কথা জানিয়েছেন।একজন প্রত্যক্ষদর্শী জানান, ওই সন্দেহভাজন কোরিয়ার নাগরিক। তিনি ক্যালিফোর্নিয়ার ইস্ট ওকল্যান্ডের ওইকোস ইউনিভার্সিটির একটি ক্লাসরুমে দাঁড়িয়ে এক ব্যক্তির বুকে বন্দুক ঠেকিয়ে গুলি করেন। এরপর তিনি এলোপাতাড়ি গুলি ছুড়তে থাকেন। হামলার পরপরই ওই সন্দেহভাজন কোরীয় আত্মসমর্পণ করেন।খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে কয়েকজনের মৃতদেহ পড়ে থাকতে দেখে। তবে সন্দেহভাজন ব্যক্তি কী ধরনের আগ্নেয়াস্ত্র ব্যবহার করেছেন বা তিনি একাধিক আগ্নেয়াস্ত্র ব্যবহার করেছেন কি না, পুলিশ এ বিষয়ে তাৎক্ষণিকভাবে কিছু বলতে পারেনি।গুলি করে হত্যার সময় আশপাশে ৩৫ জনের মতো লোক ছিল। তাদের মধ্যে ১০ জন গুলিবিদ্ধ হয় এবং তাৎক্ষণিক ঘটনাস্থলে পাঁচজনের মৃত্যু হয়। হাসপাতালে আরও দুজনের মৃত্যু হয়। পরে বন্ধ ক্লাসরুম ও অফিসরুম থেকে অন্য ব্যক্তিদের উদ্ধার করা হয়। ওকল্যান্ড পুলিশের প্রধান জানান, কোরিয়ার ওই নাগরিকের নাম ওয়ান গো (৪৩)। ধারণা করা হচ্ছে, তিনি ওই ইউনিভার্সিটির সাবেক ছাত্র। এএফপি।