যুক্তরাষ্ট্রে বেকারদের জরুরি ভাতা বন্ধের উপক্রম
আইনপ্রণেতাদের মধ্যে অনৈক্যের কারণে যুক্তরাষ্ট্রের কর্মহীন লোকজনের জরুরি ভাতা পাওয়া বন্ধ হওয়ার উপক্রম হয়েছে। বেকার ভাতার মেয়াদ নিয়ে কোনো ঐকমত্যে না পৌঁছেই আইনপ্রণেতারা শীতকালীন অবকাশে চলে গেছেন। সাম্প্রতিক অর্থনৈতিক মন্দা শুরু পর থেকে যুক্তরাষ্ট্রে কর্মহীন ব্যক্তিদের বর্ধিত সময়ের জন্য ভাতা দেওয়া হচ্ছে। বেকারত্ব বিমা কর্মসূচির আওতায় অধিকাংশ কর্মজীবীর ২৬ সপ্তাহের ভাতার মেয়াদ ৯৯ সপ্তাহের জন্য বর্ধিত করা হয়েছিল। কর্মসংস্থান পরিস্থিতির দ্রুত উন্নতি না হওয়ায় সম্পূরক বেকার ভাতার পৃথক একটি কর্মসূচি চালু করা হয়। কংগ্রেসের পূর্ব অনুমোদন অনুযায়ী এ সপ্তাহেই সম্পূরক বেকার ভাতার মেয়াদ শেষ হয়ে গেছে। এতে প্রায় ১৩ লাখ কর্মহীন মানুষের জন্য আপৎকালীন ভাতা নিয়ে উৎকণ্ঠা দেখা দিয়েছে।
গত বছর থেকে জাতীয় বাজেট প্রণয়নে রিপাবলিকান ও ডেমোক্রেট দলের মধ্যে জোর টানাপোড়েন শুরু হয়। শীতকালীন অবকাশে যাওয়ার আগে রিপাবলিকান নিয়ন্ত্রিত কংগ্রেসে একটি সাময়িক রাজস্ব আইন অনুমোদিত হলেও বেকার ভাতার মেয়াদ বৃদ্ধি করা হয়নি। ফলে আগামী সপ্তাহ থেকে এক-চতুর্থাংশ কর্মহীনের ভাতা বন্ধ হয়ে পড়বে। এত কর্মহীন ব্যক্তির ভাতা পাওয়া নিয়ে অনিশ্চয়তা মার্কিন অর্থনীতিতে বিরূপ প্রভাব ফেলবে বলে মনে করা হচ্ছে। কর্মহীন ব্যক্তিদের জন্য সম্পূরক বেকার ভাতার মেয়াদ বৃদ্ধি নিয়ে জরুরিভাবে ঐকমত্যে পৌঁছার জন্য প্রেসিডেন্ট বারাক ওবামা আইনপ্রণেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন। হোয়াইট হাউসের মুখপাত্র জোস আর্নেস্ট বলেছেন, অগ্রাধিকার ভিত্তিতে বেকার ভাতার মেয়াদ বৃদ্ধি নিয়ে ঐকমত্যে পৌঁছার জন্য প্রেসিডেন্ট ওবামা প্রভাবশালী আইনপ্রণেতাদের নিজেই ফোন করেছেন। এ নিয়ে হোয়াইট হাউস থেকে আইনপ্রণেতাদের ওপর চাপ অব্যাহত রয়েছে। স্পিকার জন বোয়েনারের মুখপাত্র মাইকেল স্টিল বলেছেন, রিপাবলিকানরা সমঝোতার জন্য প্রস্তুত। তবে রাষ্ট্রীয় ব্যয় হ্রাস এবং অধিকতর কর্মসংস্থান নিশ্চিত করে, এমন সমন্বিত পরিকল্পনাকে রিপাবলিকানদের পক্ষ থেকে সব সময় গুরুত্ব দেওয়া হচ্ছে বলে তিনি দাবি করেন।
যুক্তরাষ্ট্রের কর্মজীবীদের জন্য বেকারত্ব বিমা নামের একটি কর্মসূচি চালু আছে। কেউ হঠাৎ কর্মহীন হয়ে পড়লে এর আওতায় নির্দিষ্ট সময় পর্যন্ত কর্মকালীন সময়ের আয়ের অনুপাতে ভাতা দেওয়া হয়ে থাকে। ২০০৮ সাল থেকে যুক্তরাষ্ট্রে অর্থনৈতিক মন্দা শুরু হলে ব্যাপক কর্মহীনতা দেখা দেয়। এ কারণে বেকার ভাতা গ্রহীতার সংখ্যা বেড়ে গেলে জাতীয় রাজস্ব বরাদ্দের ওপর চাপ স্পষ্ট হয়ে ওঠে। কর্মসংস্থান পরিস্থিতির দ্রুত উন্নতি না হওয়ায় কংগ্রেস কয়েক দফা ঐকমত্যের ভিত্তিতে বেকার ভাতার মেয়াদ বৃদ্ধি অনুমোদন করে।