যুক্তরাষ্ট্রে ভাইয়ের গুলিতে বোন নিহত!
ছোট একটি রাইফেল নিয়ে খেলা করছিল পাঁচ বছর বয়সী শিশুটি। হঠাৎই দুর্ঘটনাক্রমে রাইফেল থেকে গুলি বেরিয়ে তা বিদ্ধ করল দুই বছর বয়সী তার ছোট বোনকে। এই গুলিতে প্রাণ গেল নিষ্পাপ শিশুটির।মঙ্গলবার যুক্তরাষ্ট্রের কেনটাকির প্রত্যন্ত এলাকায় এই দুর্ঘটনা ঘটে। কর্মকর্তারা বুধবার এ তথ্য জানিয়েছেন। এ ঘটনার পর যুক্তরাষ্ট্রের অস্ত্র নিয়ন্ত্রণ আইন আবারও আলোচনার টেবিলে উঠে এল।কেনটাকির কামবারল্যান্ড কাউন্টি করোনার গ্যারি হোয়াইট জানান, গুলিবিদ্ধ হওয়ার পরপরই ক্যারোলিন স্টার্কস নামের ওই মেয়েশিশুটিকে হাসপাতালে নেওয়া হয়। কিন্তু সেখানে কর্তব্যরত চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন। তিনি জানান, ঘটনার সময় শিশু দুটির মা ঘর পরিষ্কারের কাজ করছিলেন।শিশু দুটির মা জানান, তিন মিনিটের মধ্যে এ ঘটনা ঘটেছে। গুলির শব্দ শুনে তিনি দ্রুত ছুটে আসেন। এসে দেখেন তাঁর শিশুকন্যা রক্তাক্ত অবস্থায় শুয়ে আছে।গত বছর পয়েন্ট ২২ ক্যালিবারের ছোট রাইফেলটি উপহার পায় শিশুটি। পরে এটি একটি কক্ষের কোনায় রেখে দেওয়া হয়। কিন্তু তার মা-বাবা জানতেন না, বন্দুকটিতে একটি গুলি ভর্তি ছিল। এএফপি।