যুক্তরাষ্ট্রে ভারতীয় কূটনীতিকের ১৫ লাখ ডলার জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একসময় যুক্তরাষ্ট্রে নিযুক্ত ভারতীয় কূটনীতিক নিনা মালহোত্রা এবং তাঁর স্বামী যোগেশ মালহোত্রাকে নিউইয়র্ক সিটির এক ম্যাজিস্ট্রেট জজ ১৫ লাখ ডলার জরিমানা করেছেন। স্বদেশি এক তরুণীকে গৃহকর্মী হিসেবে বিনা পারিশ্রমিকে কাজ করানো ও নিষ্ঠুর আচরণের দায়ে তাঁদের গত বুধবার জরিমানা করা হয়।ম্যাজিস্ট্রেট জজ ফ্রাঙ্ক মাসের ভাষ্য অনুযায়ী, মালহোত্রা দম্পতি ভারতীয় তরুণী শান্তি গুরুংকে ম্যানহাটনে নিয়ে তাঁর পাসপোর্ট নিজেদের কাছে নিয়ে নেন। তারপর তাঁকে বিনা পারিশ্রমিকে গৃহকর্মে বাধ্য করেন। তরুণীটিকে তাঁরা ভয় দেখান, অনুমতি ছাড়া ফ্ল্যাটের বাইরে গেলে তাঁকে গ্রেপ্তার করে মারধর ও ধর্ষণের পর ‘মাল’ হিসেবে ভারতে পাঠিয়ে দেওয়া হবে।এ বিচারপ্রক্রিয়া তত্ত্বাবধানকারী জজ ভিক্টর মারেরোকে এখন জরিমানার এ সুপারিশ অনুমোদন করতে হবে।শান্তির আইনজীবী মিশেল কারলান ২০১০ সালে ভারতের দ্য হিন্দু পত্রিকাকে বলেন, ‘মেয়েটির ওপর প্রায় অকল্পনীয় নির্মম আচরণ করা হয়েছে। দীর্ঘ তিন বছরের বেশি সময় পাসপোর্টহীন, বেতনহীন, চাইলেও চলে যেতে অক্ষম, বন্ধু ও পরিবার থেকে বিচ্ছিন্ন আর ইংরেজি না জানায় সাহায্য চাইতে অপারগ অবস্থায় কাটিয়েছে মেয়েটি।’নিনা মালহোত্রা নিউইয়র্কে ভারতীয় কনস্যুলেট জেনারেলে সংবাদপত্র, সংস্কৃতি, তথ্য, শিক্ষা ও সম্প্রদায় কাউন্সেলর হিসেবে কর্মরত ছিলেন। তিনি ২০১০ সালেই ভারতে ফিরে যান। দ্য হিন্দু অনলাইন।