যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে গতকাল মঙ্গলবার ভোট গ্রহণ হয়েছে। এই নির্বাচনের মধ্য দিয়ে ওয়াশিংটনে ক্ষমতার ভারসাম্যে পরিবর্তনের আভাস পাওয়া যাচ্ছে। গত দুই বছর হোয়াইট হাউস এবং কংগ্রেসের উভয় কক্ষের নিয়ন্ত্রণ ছিল ডেমোক্রেটিক পার্টির। কিন্তু গতকাল ভোট গ্রহণ শুরুর মুহূর্তে দেশজুড়ে সর্বশেষ জরিপেও দেখা গেছে, ৫০ শতাংশ ভোটার রিপাবলিকান এবং ৪৪ শতাংশ ভোটার ডেমোক্রেটিক প্রার্থীর পক্ষে ভোট দেবেন বলে মনস্থির করেছেন। ২০০৮ সালে বিপুল জনপ্রিয়তা নিয়ে ডেমোক্রেটিক পার্টির বারাক ওবামা প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছিলেন। এবারও ওবামা ভোট গ্রহণের সময় বলেছেন, ২০০৮ সালের প্রেসিডেন্ট নির্বাচনের সময় যেসব ভোটার পরিবর্তনের পক্ষে ভোটকেন্দ্রে হাজির হয়েছিলেন, তাঁরা এবারও ভোটকেন্দ্রে উপস্থিত হলে ডেমোক্রেটিক পার্টিরই বিজয় হবে। যুক্তরাষ্ট্রের ৫০টি অঙ্গরাজ্যে কংগ্রেসের ৪৩৫টি আসনে নির্বাচনের জন্য নাগরিকেরা ভোট দিয়েছেন। কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটের ৩৭টি আসনেও ভোট গ্রহণ হয়েছে। এ ছাড়া দেশের ৩৭টি অঙ্গরাজ্যে গভর্নর এবং প্রতিটি অঙ্গরাজ্যে স্থানীয় সরকার নির্বাচনের বিভিন্ন পদেও একই দিনে ভোট গ্রহণ হয়েছে। ৩৯টি আসনে ডেমোক্র্যাটদের পরাজিত করতে পারলেই কংগ্রেসের নিয়ন্ত্রণ রিপাবলিকানদের হাতে চলে যাবে। রিপাবলিকানেরা সহজেই তা অর্জনে সক্ষম বলেও ধারণা করা হচ্ছে। রিপাবলিকানদের সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজন মাত্র ১০টি আসনে জয়ী হওয়া। ডেমোক্রেটিক পার্টি সিনেটে সংখ্যাগরিষ্ঠতা ধরে রাখতে তাদের সর্বশক্তি প্রয়োগ করে। সিনেটে সংখ্যাগরিষ্ঠ দলের নেতা ডেমোক্র্যাট হেরি রিডকে নাভাদা অঙ্গরাজ্যে কঠিন প্রতিদ্বন্দ্বিতার মুখে পড়তে হয়েছে। যুক্তরাষ্ট্রের পশ্চিমাঞ্চলীয় অঙ্গরাজ্যগুলোতে ডেমোক্র্যাট ও রিপাবলিকানদের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছে।যুক্তরাষ্ট্রে বেকাত্বের হার এখন গড়ে ১০ শতাংশ। ব্যাপক কর্মহীনতা এবং অর্থনৈতিক মন্দা ডেমোক্র্যাটদের জন্য এক প্রতিকূল অবস্থার সৃষ্টি করে। দেশে চলমান অর্থনৈতিক সংকটের দায়ভার ডেমোক্র্যাটদের। ফলে রিপাবলিকানরা এবার প্রচারে ব্যাপক সাফল্য পেয়েছে। এ ছাড়া নির্বাচনে ‘টি পার্টি’ নামে মার্কিন রক্ষণশীলদের প্রচারণাও রিপাবলিকানদের পক্ষে অনুকূল অবস্থার সৃষ্টি করেছে। টি পার্টি আন্দোলনের অন্যতম পৃষ্ঠপোষক সাবেক রিপাবলিকান ভাইস প্রেসিডেন্ট পদপ্রার্থী সারাহ পেলিন। তিনি বলেছেন, মধ্যবর্তী নির্বাচনের মধ্য দিয়ে এবার ওয়াশিংটনে রাজনৈতিক ভূমিকম্প অনুভূত হবে।যুক্তরাষ্ট্রের ইতিহাসে এবারের মধ্যবর্তী নির্বাচনকে সবচেয়ে ব্যয়বহুল নির্বাচন বলে মনে করা হচ্ছে। ব্যাপক টিভি বিজ্ঞাপন ফেসবুক, টুইটারসহ সব প্রযুক্তিনির্ভর প্রচারণা ছিল চোখে পড়ার মতো।