যুক্তরাষ্ট্রে মনমোহনের বিরল সম্মান

দেশে নিজের দলের সহসভাপতির মন্তব্য তাঁকে যারপরনাই অপমানিত করলেও ওয়াশিংটনে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক ভারতের প্রধানমন্ত্রীর ঝুলি কিন্তু সসম্মানে ভরিয়ে তুলল। হোয়াইট হাউসের ওভাল অফিসে টানা তিন ঘণ্টার বৈঠকের পর কূটনৈতিক প্রটোকলের ঘেরাটোপ ছেড়ে বেরিয়ে প্রেসিডেন্ট ওবামা হোয়াইট হাউসের পোর্টিকোতে নেমে বিদায় জানালেন মনমোহন সিংকে। হোয়াইট হাউসের ইতিহাসের সঙ্গে রিচিতদের ভাষায় যা কিনা ‘বিরলের মধ্যে বিরলতম’ ঘটনা। শুধু সম্মানই নয়, মনমোহন এই প্রতিশ্রুতিও আদায় করে নিয়েছেন যে পাকিস্তানি প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের সঙ্গে ওবামা সে দেশে সন্ত্রাসীদের রাষ্ট্রীয় মদদ ও যাবতীয় প্রশ্রয় দেওয়ার বিষয় নিয়ে খোলাখুলি কথা বলবেন। ওবামাকে মনমোহন এটা বোঝাতে পেরেছেন যে সন্ত্রাসের মোকাবিলার ওপরই নির্ভর করছে ভারত-পাকিস্তান আলোচনার ভবিষ্যৎ। মার্কিন প্রেসিডেন্টকে মনমোহন দৃঢ়তার সঙ্গে বলেছেন, ‘পাকিস্তানই হলো সন্ত্রাসীদের আঁতুড়ঘর’। তিনি এ কথাও স্পষ্ট বলে দিয়েছেন, বর্তমান প্রেক্ষাপটে (জম্মু-কাশ্মীরে সাম্প্রতিকতম সন্ত্রাসী হামলা সর্বশেষ নিদর্শন) নওয়াজ শরিফের সঙ্গে বৈঠক থেকে বিশেষ কিছু আশা করা ঠিক হবে না। ওবামা-মনমোহন বৈঠকে যে বিষয়গুলো বড় হয়ে উঠে এসেছে, সেগুলোর মধ্যে সন্ত্রাসবাদ ছিল নিঃসন্দেহে প্রধান বিষয়। বস্তুত, এই দ্বিপক্ষীয় আলোচনার পর দুই দেশের পক্ষ থেকে যে যৌথ বিবৃতি প্রকাশিত হয়, তাতেও সন্ত্রাসই ছিল প্রধান। বিভিন্ন সূত্রের খবরে প্রকাশ, মনমোহনের কাছে ওবামা স্বীকার করেছেন, পাকিস্তানে ঘাঁটি গাড়া লস্কর-এ-তৈয়বা, যারা মুম্বাইয়ে ২৬/১১-র জন্য দায়ী, তারা গোটা বিশ্বের জন্যই ভয়াবহ হয়ে উঠেছে। যৌথ বিবৃতিতে এর উল্লেখ করে বলা হয়েছে, আল-কায়েদা ও লস্কর-এ-তৈয়বাকে ঝাড়ে-বংশে শেষ করতে হবে। ওবামার সঙ্গে মনমোহনের এটা ছিল তৃতীয় দ্বিপক্ষীয় বৈঠক। এই বৈঠক শেষে প্রথামাফিক শুধু একটি যৌথ বিবৃতিই প্রকাশ করা হয়নি, প্রতিরক্ষা সহযোগিতার বিভিন্ন ক্ষেত্রে একটি যৌথ ঘোষণাপত্রও দেওয়া হয়েছে। যৌথ বিবৃতিতে বলা হয়েছে, দ্বিপক্ষীয় সম্পর্ক গত ৬৭ বছরে এত ভালো অবস্থায় কখনো পৌঁছায়নি। নিরাপত্তা সহযোগিতা, বাণিজ্য, বিনিয়োগ, শক্তি ও বিদ্যুৎ, পরিবেশ, উচ্চশিক্ষা সব ক্ষেত্রে আগামী দশকে এই সম্পর্ককে এক অন্য উচ্চতায় প্রতিষ্ঠা করা হবে। যৌথ বিবৃতির মতোই ভারতের পক্ষে গুরুত্বপূর্ণ প্রতিরক্ষা সহযোগিতার ক্ষেত্রে যৌথ ঘোষণা। এই সহযোগিতা শুধু একতরফা মার্কিন বাণিজ্য নয়, প্রতিরক্ষা প্রযুক্তি হস্তান্তর, বাণিজ্য, গবেষণা ও প্রতিরক্ষা সরঞ্জামের যৌথ গবেষণা ও উৎপাদনও রয়েছে।