যুক্তরাষ্ট্রে মা দিবসে রক্তাক্ত রাজপথ
যুক্তরাষ্ট্রের লুইজিয়ানা অঙ্গরাজ্যের নিউ অরলিনস শহরে গতকাল রোববার মা দিবস উপলক্ষে এক শোভাযাত্রায় গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। এতে দুই শিশুসহ ১৯ জন আহত হয়েছে। এ ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে তিনজনকে খুঁজছে পুলিশ।
স্থানীয় পুলিশের একজন মুখপাত্রের বরাত দিয়ে রয়টার্সের খবরে জানানো হয়, গতকাল স্থানীয় সময় বেলা পৌনে দুইটার দিকে এ হামলার ঘটনা ঘটে। আহত ব্যক্তিদের মধ্যে ১০ জন পুরুষ, সাতজন নারী ও দুটি শিশু। শোভাযাত্রাটি ওই সময় নিউ অরলিনসের নর্থ ভিলার স্ট্রিট দিয়ে যাচ্ছিল। হামলাকারীরা শোভাযাত্রার ভেতরেই ছিল, নাকি রাস্তার পাশে দাঁড়িয়ে শোভাযাত্রা দেখছিল—এ ব্যাপারে পুলিশ এখনো নিশ্চিত হতে পারেনি।
পুলিশ কর্মকর্তা রোনাল সারপাসের বরাত দিয়ে রয়টার্স জানায়, ঘটনার পর তিনজনকে দৌড়ে পালিয়ে যেতে দেখেছে পুলিশ। তবে কাউকে আটক করা যায়নি।
নিউ অরলিনসের মেয়র মিচ ল্যান্ড্রিউ এ ঘটনাকে একটি ‘নির্মম হত্যাকাণ্ড’ বলে আখ্যায়িত করেছেন। তিনি বলেন, সহিংসতার সংস্কৃতি দীর্ঘদিন ধরে শহরটিকে আচ্ছন্ন করে রেখেছে।
এর আগে চলতি বছরের ফেব্রুয়ারি মাসে নিউ অরলিনসের ফ্রেঞ্চ কোয়ার্টার এলাকার একটি নাইট ক্লাবের বাইরে এক অনুষ্ঠানে গুলিবর্ষণের ঘটনায় চারজন আহত হয়।