যুক্তরাষ্ট্রে মাফিয়া চক্রের ১২৭ সদস্য গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রে সন্দেহভাজন মাফিয়া চক্রের ১২৭ জন সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। গত বৃহস্পতিবার নিউইয়র্ক, নিউজার্সি ও রোডআইল্যান্ডে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। অভিযানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রায় ৮০০ সদস্য অংশ নেয়। এক দিনের অভিযানে সংঘবদ্ধ অপরাধী চক্রের এত অধিক সংখ্যক সদস্যকে গ্রেপ্তারের ঘটনা যুক্তরাষ্ট্রের ইতিহাসে বিরল।মার্কিন অ্যাটর্নি জেনারেল এরিক হোল্ডার নিউইয়র্কের ব্রুকলিনে এফবিআই সদর দপ্তরে সংবাদ সম্মেলনে জানিয়েছেন, ইতালিয়ান বংশোদ্ভূত মাফিয়া চক্রের কর্মকাণ্ড নির্মূল করাই তাঁদের লক্ষ্য। এ লক্ষ্য অর্জনের ক্ষেত্রে ওই অভিযান ছিল একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। অভিযানে কেন্দ্রীয় তদন্ত ব্যুরো (এফবিআই), স্থানীয় পুলিশ ও অন্যান্য সংস্থার প্রায় ৮০০ সদস্য অংশ নেয়। অপরাধী চক্রের বিরুদ্ধে এক দিনে চালানো এটাই সবচেয়ে বড় অভিযান। গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মধ্যে মাফিয়ার পাঁচটি গ্রুপের অন্যতম কলম্বো ও গ্যাম্বিনো চক্রের সাধারণ থেকে অনেক শীর্ষ পর্যায়ের সদস্যও রয়েছে।হোল্ডার আরও জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে হত্যা, চুরি-ডাকাতি, মাদক পাচার, হুমকি প্রদানসহ বিভিন্ন অপরাধের অভিযোগ রয়েছে।এদিকে এফবিআই গ্রেপ্তারকৃতদের তালিকা প্রকাশ করেছে। এতে মাফিয়ার গ্যাম্বিনো চক্রের শীর্ষ সদস্য বার্তোলেমিও ভালনান্স, জোসেফ করজো, কলম্বো চক্রের শীর্ষ নেতা অ্যান্ড্রু রুসোসহ পর্যায়ক্রমে সবার নাম রয়েছে।কর্তৃপক্ষ জানিয়েছে, মাফিয়ার কয়েকজন সাবেক অপরাধীর কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে ওই সফল অভিযানটি চালানো সম্ভব হয়েছে। মাফিয়ারা সচরাচর নিজেদের সম্পর্কে সহজে তথ্য দেয় না। কিন্তু এ ক্ষেত্রে ঘটেছে ব্যতিক্রম, যার সফল পরিণতি হচ্ছে গতকালের অভিযান।যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে সংঘবদ্ধ অপরাধী চক্র মাফিয়ার উত্থান হয় ১৯৩০ সালে। তখন থেকে নিউইয়র্কসহ গোটা যুক্তরাষ্ট্রের অপরাধজগৎ নিয়ন্ত্রণ করে আসছে এই চক্র। নিউইয়র্কে মাফিয়া মূলত পাঁচটি চক্র বা অংশে বিভক্ত, যা মাফিয়া পরিবার নামে পরিচিত। এগুলো হলো: জেনোভেস, গ্যাম্বিনো, লুচেস, কলম্বো ও বোনানো। ইতালীয় বংশোদ্ভূত মার্কিনদের নিয়ে গঠিত এই মাফিয়া পরিবার এক সময় মার্কিন অর্থনীতির একটা বড় অংশ নিয়ন্ত্রণ করত। এএফপি ও টেলিগ্রাফ।