যুক্তরাষ্ট্রে মিশ্র প্রতিক্রিয়া

সিরিয়া সংকট নিয়ে জাতির উদ্দেশে দেওয়া প্রেসিডেন্ট বারাক ওবামার মঙ্গলবারের বক্তব্যে যুক্তরাষ্ট্রে মিশ্র প্রতিক্রিয়া হয়েছে। ১৫ মিনিটের বক্তব্যে তিনি সিরিয়ায় সীমিত সামরিক অভিযানের যৌক্তিকতা তুলে ধরেন। অধিকাংশ মার্কিনি সিরিয়ায় সামরিক অভিযান নিয়ে দ্বিধাগ্রস্ত। প্রভাবশালী অনেক আইন প্রণেতাও বলছেন, সিরিয়ায় হামলা করার জন্য প্রেসিডেন্ট ওবামার বক্তব্য স্পষ্ট নয়। সিরিয়ায় সামরিক অভিযানের সমর্থক প্রভাবশালী দুই রিপাবলিকান সিনেটর জন ম্যাককেইন এবং লিন্ডসে গ্রাহাম। তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তাঁরা বলেছেন, ওবামা তাঁর বক্তব্যে সিরিয়ার বিদ্রোহীদের সামরিক সহযোগিতা বৃদ্ধির ওপর গুরুত্ব দেননি। সিরিয়ার রাসায়নিক অস্ত্র সমর্পণের বিষয়টিও পরিষ্কারভাবে উঠে আসেনি। ডেমোক্র্যাট দলের একজন সিনেটর বলেছেন, সংকট সমাধানের জন্য কূটনীতির দরজা বন্ধ করে দেওয়ার অবকাশ নেই। যদিও শেষ মুহূর্তে রাশিয়ার উদ্যোগে কূটনৈতিক সমাধানের ব্যাপারে নানা সংশয় সন্দেহ রয়েছে। আইন প্রণেতাদের মত, সিরিয়ায় সামরিক হামলা নিয়ে মার্কিন জনগণের প্রতিক্রিয়াও মিশ্র। নিউ জার্সিতে বসবাসরত লেখিকা এন ফেরার প্রথম আলো প্রতিবেদককে দেওয়া প্রতিক্রিয়ায় বলেন, অনেক আগেই সিরিয়ায় হামলা করার সুযোগ ছিল প্রেসিডেন্ট ওবামার। প্রেসিডেন্ট যদি মনেই করেন, আমেরিকার নিরাপত্তা হুমকির মুখে, তাহলে সামরিক অভিযানের জন্য কংগ্রেসের অনুমোদন নিতে হবে কেন? ডেমোক্র্যাট সমর্থক স্কট লারসন এ প্রতিবেদককে বলেন, ‘রুশ মধ্যস্থতায় সংকটের সমাধান হবে—বিষয়টি আমেরিকানদের জন্য সম্মানজনক নয়।’