যুক্তরাষ্ট্রে রবিশঙ্কর স্মরণে সভা
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় প্রখ্যাত সেতারবাদক পণ্ডিত রবিশঙ্করের বর্ণাঢ্য জীবন ও কর্মের ওপর গত বৃহস্পতিবার এক স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। নিজ বাড়ির কাছে এক মেমোরিয়ালে অনুষ্ঠিত এ স্মরণসভায় তাঁর পরিবারের সদস্য, বন্ধু, গুণী তারকা ও শত শত ভক্ত যোগ দেন।অনুষ্ঠানে সাবেক বিটল তারকা জর্জ হ্যারিসনের বিধবা পত্নী ওলিভিয়া হ্যারিসন, সংগীতশিল্পী পিটার গ্যাব্রিয়েল ও চলচ্চিত্র পরিচালক মার্টিন স্করসিজি উপস্থিত ছিলেন। তাঁরা সবাই প্রয়াত রবিশঙ্করের প্রতি শ্রদ্ধা নিবেদন করে বক্তব্য দেন। এতে রবিশঙ্করের দুই মেয়ে সেতারবাদক আনুশকা শঙ্কর ও তাঁর (আনুশকার) সৎবোন গ্র্যামি পুরস্কার বিজয়ী সংগীতশিল্পী নোরাহ জোনসও শ্রদ্ধা নিবেদন করেন। রবিশঙ্করের কর্মে অনুপ্রাণিত সংগীত তারকা ও অন্য শিল্পীরা অনুষ্ঠানে তাঁকে ‘বিশ্বসংগীতের গডফাদার’ বলে আখ্যায়িত করেন। রবিশঙ্কর ৯২ বছর বয়সে গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের একটি হাসপাতালে শেষনিঃশ্বাস ত্যাগ করেন। বিবিসি ও স্কাই নিউজ।