যুক্তরাষ্ট্রে শিখ উপাসনালয়ে বন্দুকধারীর গুলি, নিহত ৭

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রের উইসকনসিন অঙ্গরাজ্যে শিখ সম্প্রদায়ের একটি উপাসনালয়ে (গুরুদুয়ারা) গুলি চালিয়ে ছয় ব্যক্তিকে হত্যা করেছে এক বন্দুকধারী। রোববার সাপ্তাহিক প্রার্থনা চলাকালে উপাসনালয়ে ঢুকে এলোপাতাড়ি গুলি চালানোর পর ওই হামলাকারী নিজেও পুলিশের গুলিতে নিহত হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, রোববার স্থানীয় সময় বেলা সাড়ে ১০টার দিকে মিলওয়াকি শহরের উপকণ্ঠে ওয়াক ক্রিক এলাকায় অবস্থিত গুরুদুয়ারার রান্নাঘরে ঢুকে পড়ে বন্দুকধারী। সেখানে ঢুকেই সে এলোপাতাড়ি গুলি চালাতে থাকে। প্রার্থনা করতে আসা লোকজন দিগ্বিদিক পালাতে থাকেন। তবে উপাসনালয়টির ভেতরেই গুলিতে প্রাণ হারান চারজন। আর বন্দুকধারীসহ আরও তিনজন গুলিতে নিহত হন উপাসনালয়টির বাইরে। ওয়াক ক্রিক পুলিশের প্রধান জন অ্যাডওয়ার্ডস বলেন, ৯১১-এ জরুরি ফোনকল পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে যায়। এ সময় ওই বন্দুকধারী একজন পুলিশ কর্মকর্তাকে লক্ষ্য করেও গুলি ছোড়ে। দ্বিতীয় এক কর্মকর্তা বন্দুকধারীকে গুলি করে হত্যা করেন। তিনি জানান, বন্দুকধারীর গুলিতে আহত পুলিশ কর্মকর্তাকে হাসপাতালে নেওয়া হয়েছে। হাসপাতালের কর্মকর্তারা জানান, গুলিবিদ্ধ আরও দুজনকে আশঙ্কাজনক অবস্থায় ভর্তি করা হয়েছে। হামলায় নিহতদের মধ্যে সম্ভবত ওই উপাসনালয়ের প্রেসিডেন্ট এবং একজন পুরোহিতও রয়েছেন বলে জানিয়েছেন লক্ষ্মীন্দর সিং নামের একজন উপাসক। হামলাকারী বন্দুকধারীর বিস্তারিত পরিচয় প্রকাশ করেনি কর্তৃপক্ষ। তবে মদ, তামাক, আগ্নেয়াস্ত্র ও বিস্ফোরক বিষয়ক মার্কিন দপ্তরের মুখপাত্র থমাস আহার্ন জানান, আনুমানিক ৪০ বছর বয়সী ওই ব্যক্তি শ্বেতাঙ্গ। পুলিশের একটি সূত্র জানায়, হামলার পর উপাসনালয়টি থেকে আড়াই মাইল দূরের একটি বাড়িতে অনুসন্ধান চালানো হয়েছে। ধারণা করা হচ্ছে, বাড়িটি ওই হামলাকারীর।ওয়াক ক্রিক পুলিশের প্রধান জন এডওয়ার্ডস বলেন, হামলাকারীর উদ্দেশ্য সম্পর্কে কোনো তথ্য নেই কর্মকর্তাদের কাছে। তবে এটাকে অভ্যন্তরীণ সন্ত্রাসমূলক কর্মকাণ্ড হিসেবে দেখা হচ্ছে। ওয়াশিংটনভিত্তিক শিখ কাউন্সিল অন রিলিজিওন অ্যান্ড এডুকেশনের চেয়ারম্যান রাজবন্ত সিং বলেন, ৯/১১-এর ঘটনার পর থেকেই তাঁরা এ ধরনের হামলার আশঙ্কা করে আসছেন। অজ্ঞতাবশত লোকজন শিখ সম্প্রদায়ের লোকজনকে তালেবান সদস্য কিংবা ওসামা বিন লাদেনের সহযোগী মনে করে গুলিয়ে ফেলছে। শিখরা ঐতিহ্যগতভাবে পাগড়ি পরে থাকে, যা মুসলমানদেরও ধর্মীয় পোশাক। অতীতে মুসলমান ভেবে ভুল করে শিখদের ওপর হামলার ঘটনা ঘটেছে।এদিকে ওই হামলায় নিহতদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং এক বিবৃতিতে বলেন, তিনি ওই হামলার ঘটনায় গভীরভাবে মর্মাহত হয়েছেন। রয়টার্স, এএফপি ও বিবিসি।