যুক্তরাষ্ট্রে শীতের তীব্রতা কমে আসছে
উত্তর আমেরিকাজুড়ে তাপমাত্রা হিমাঙ্কের অনেক নিচে নেমে যাওয়ায় কয়েক দিন ধরে জনজীবনে যে স্থবিরতা দেখা দিয়েছিল, তা ধীরে ধীরে কাটতে শুরু করেছে। প্রচণ্ড ঠান্ডার প্রকোপ থেকে মুক্ত হচ্ছে সেখানকার মানুষ।
যুক্তরাষ্ট্রের মধ্য-পশ্চিমাঞ্চল ও পূর্বাঞ্চলে তাপমাত্রা নির্ণয়যন্ত্রের (থার্মোমিটার) পারদ উঠতে শুরু করেছে। তবে দেশটির অনেক জায়গায় তাপমাত্রা এখনো হিমাঙ্কের নিচেই রয়েছে। সুমেরু অঞ্চল থেকে প্রবাহিত বিশেষ শক্তিশালী শৈত্যপ্রবাহের প্রভাবে কানাডা ও যুক্তরাষ্ট্রের কয়েকটি অঞ্চলের তাপমাত্রা গত দুই দশকের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে গিয়েছিল। এই বিরূপ আবহাওয়ায় গত রোববার থেকে অন্তত ২১ জন প্রাণ হারায় এবং ১১ হাজার উড়োজাহাজের ফ্লাইট বাতিল হয়।
আবহাওয়া বিশেষজ্ঞরা বলেন, কয়েক দিনের মধ্যে যুক্তরাষ্ট্রে আবহাওয়া স্বাভাবিক হয়ে যাবে। দেশটির ৫০টি শহরে গত মঙ্গলবার স্মরণকালের সর্বনিম্ন তাপমাত্রার রেকর্ড হয়।
মার্কিন জাতীয় আবহাওয়া বিভাগ সূত্র জানায়, যুক্তরাষ্ট্রের মধ্য-পশ্চিমাঞ্চলের উষ্ণতা কিছুটা বেড়েছে। সেখানকার তাপমাত্রা মাইনাস ৩৭ ডিগ্রি সেলসিয়াসে নেমে গিয়েছিল। এখনো ওই অঞ্চলে স্বাভাবিক গড় তাপমাত্রার চেয়ে ১৫ থেকে ২৫ ডিগ্রি কম তাপমাত্রা বিরাজ করছে। আর আটলান্টা ও জর্জিয়ায় গত বুধবার তাপমাত্রা বেড়েছে। নিউইয়র্কেও বুধবার তাপমাত্রা বেড়ে মাইনাস ৫ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছায়। শহরে ১১৮ বছরের পুরোনো সর্বনিম্ন তাপমাত্রার রেকর্ড ভেঙে মঙ্গলবার মাইনাস ১৫ ডিগ্রি সেলসিয়াসে নেমে যায়।
উত্তর আমেরিকার কয়েকটি অংশে এবারের সর্বনিম্ন তাপমাত্রা এতটাই নেমে যায় যে বিশেষজ্ঞরা এটিকে মঙ্গল গ্রহের তাপমাত্রার চেয়ে কম বলে মন্তব্য করেন।
বিজ্ঞানীরা বলছেন, এবারের শীতে মানুষের পাশাপাশি অন্যান্য প্রাণীকেও যথেষ্ট দুর্ভোগে পড়তে হয়েছে। যুক্তরাষ্ট্রের উত্তরাঞ্চলীয় বিভিন্ন অরণ্যের কয়েক প্রজাতির কীটপতঙ্গও মারা যেতে পারে। বিবিসি।