যুক্তরাষ্ট্রে স্কুলে গুলি এক ছাত্র নিহত
যুক্তরাষ্ট্রের ওহাইয়ো অঙ্গরাজ্যের ছোট শহর চার্ডনের একটি হাইস্কুলের ক্যাফেটেরিয়ায় এক ছাত্রের গুলিতে অপর এক ছাত্র নিহত ও চারজন আহত হয়েছে। সোমবার সকালে এ ঘটনা ঘটে। অল্পের জন্য গুলি থেকে বেঁচে যাওয়া চার্ডন হাইস্কুলের প্রত্যক্ষদর্শী ছাত্র নেট মুয়েলার জানায়, স্থানীয় সময় সকাল সাড়ে সাতটায় শিক্ষার্থীরা যখন নাশতা করার পাশাপাশি ক্লাসে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিল তখনই ঘটনাটি ঘটে। একটি বিশেষ দলকে লক্ষ করে হামলাকারী কিশোর গুলি ছুড়তে শুরু করে। মুয়েলার আরও জানায়, মুহূর্তে স্থানটি নরক হয়ে ওঠে। তার নিজের কানের পাশ দিয়েও একটি গুলি চলে যায়। হামলার পরপরই ছাত্রটি পালানোর চেষ্টা করে। তবে পুলিশ জানিয়েছে, তাকে আটক করা হয়েছে। মুয়েলার জানায়, তার নাম টি জে লেন। ঘটনার সময় সে লেনের হাতে বন্দুক এবং সেটা থেকে গুলি ছুড়তেও দেখেছে। নিহত ছাত্রের নাম ডেনিয়েল প্যারমারটর (১৬)। হামলাকারী ও হামলার শিকার দলটির সবাই আগে একই বিদ্যালয়ে পড়ত। হাইস্কুলে ওঠার পর তারা আলাদা হয়ে যায়। প্রত্যক্ষদর্শী মুয়েলার জানায়, সম্প্রতি তাদেরই আরেক বন্ধু লেনের সাবেক প্রেমিকার সঙ্গে ভালোবাসার সম্পর্কে জড়িয়ে পড়ে। এ কারণেও সে ক্ষিপ্ত হয়ে থাকতে পারে। এএফপি ও এপি।