যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুকধারীর গুলিতে ২৭ জন নিহত
যুক্তরাষ্ট্রের কানেটিকাট অঙ্গরাজ্যে গতকাল শুক্রবার একটি স্কুলে বন্দুকধারীর গুলিতে ১৮ জন শিশুসহ অন্তত ২৭ জন নিহত হয়েছে। এ সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হয়েছে। তবে কোনো কোনো সূত্রে মৃতের সংখ্যা ‘প্রায় ২০’ উল্লেখ করা হয়েছে। পুলিশ ও স্থানীয় কর্মকর্তাদের বরাত দিয়ে প্রচারমাধ্যমের খবরে বলা হয়, নিউটাউনের স্যান্ডি হুক প্রাথমিক স্কুলে এ ঘটনা ঘটে।অরেগন অঙ্গরাজ্যের এক বিপণিবিতানে এক বন্দুকধারীর গুলিবর্ষণের তিন দিন পরই এ ঘটনা ঘটল। ওই বন্দুকধারী দুজনকে হত্যার পর আত্মহত্যা করে। প্রাথমিক খবরে বলা হয়, স্যান্ডি হুক স্কুলের বন্দুকধারী নিজেও নিহত হয়েছে। এ ছাড়া আশঙ্কাজনক অবস্থায় অন্তত তিনজনকে হাসপাতালে নেওয়া হয়। স্কুলের অফিস কক্ষে একজন বন্দুকধারী এসে গুলিবর্ষণ করছে—এ খবর পেয়ে স্থানীয় সময় সকাল নয়টা ৪০ মিনিটে সেখানে পুলিশ যায়। একজন প্রত্যক্ষদর্শী সিএনএনকে বলেন, তাঁর ধারণা তিনি ১০০টি গুলির শব্দ শুনেছেন। কয়েকটি সূত্র বলেছে, কিছু গুলির ঘটনা ঘটে একটি শ্রেণীকক্ষে। স্থানীয় একটি সংবাদপত্রের সূত্রে দুজন বন্দুকধারীর কথা বলা হয়েছে। সরকারি স্কুলটিতে কিন্ডারগার্টেন থেকে চতুর্থ গ্রেড পর্যন্ত ৬০০-এর বেশি শিক্ষার্থী পড়াশোনা করে। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি জে কার্নি বলেছেন, প্রেসিডেন্ট বারাক ওবামা ঘটনা সম্পর্কে খোঁজ রাখছেন। এ ঘটনার পরপর অনেক অভিভাবক আবারও আগ্নেয়াস্ত্র নিয়ন্ত্রণের দাবি তোলেন। মার্কিন রাজনীতিতে বহুল আলোচিত এ বিষয় নিয়ে মন্তব্য চাওয়া হলে জে কার্নি বলেন, এটি ওয়াশিংটনে আলোচনা হওয়ার মতো নীতিগত বিষয়। এই মুহূর্তে এ নিয়ে আলোচনার অবকাশ নেই। বিবিসি, সিএনএন ও এবিসি নিউজ।