যুক্তরাষ্ট্রে স্ত্রস কানের আরেক মামলার শুনানি
আন্তর্জাতিক মুদ্রা তহবিল বা আইএমএফের সাবেক প্রধান দমিনিক স্ত্রস কানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের আদালতে গতকাল বুধবার একটি দেওয়ানি মামলার শুনানি শুরু হয়েছে। যুক্তরাষ্ট্রের অভ্যন্তরে দায়ের করা কোনো দেওয়ানি মামলায় তাঁর বিরুদ্ধে এটিই প্রথমবারের মতো শুনানি। নিজ দেশ ফ্রান্সেও যৌন কেলেঙ্কারি ঘিরে নানা আইনি জটিলতায় ঘুরপাক খাচ্ছেন তিনি।নিউইয়র্কের ব্রোনক্সের একটি আদালতে গতকাল ওই শুনানি হয়। গত বছর নিউইয়র্কের একটি বিলাসবহুল হোটেলে স্ত্রস কানের বিরুদ্ধে ধর্ষণের শিকার হওয়ার অভিযোগ আনা হোটেলের পরিচারিকা নাফিসাতাউ দিয়ালো নতুন করে এই দেওয়ানি মামলা করেন। আগে কানের বিরুদ্ধে তাঁর করা ফৌজদারি মামলা পর্যাপ্ত তথ্য-প্রমাণের অভাবে খারিজ হয়ে যায়। ওই মামলার জের ধরে আইএমএফের প্রধান পদ থেকে ইস্তফা দিতে বাধ্য হন বিশ্বের অন্যতম ক্ষমতাধর এই রাজনীতিবিদ।নাফিসাতাউয়ের আগের মামলাটি না টেকায় তাঁর কৌঁসুলিরা নতুন করে ফৌজদারি মামলা করার ব্যাপারে দ্বিধাদ্বন্দ্বে পড়েন। এরই পরিপ্রেক্ষিতে তাঁদের মক্কেল সুনির্দিষ্টভাবে উল্লেখ করার মতো নয়—এমন ক্ষতির শিকার হয়েছেন মর্মে অভিযোগ করে পরিত্রাণ চেয়ে সর্বশেষ মামলাটি করেন। পরিচারিকার ফরাসি কৌঁসুলি থিবাউ ডি মঁব্রিয়াল বলেন, ‘নাফিসাতাউ একজন ভুক্তভোগী এবং (স্ত্রস কানের) আক্রমণে ক্ষতির শিকার হয়েছেন—এ বিষয়েরই স্বীকৃতি চান।’ এএফপি।