যুক্তরাষ্ট্রে হামলার পরিকল্পনার অভিযোগে যুবক গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রে হামলার পরিকল্পনার অভিযোগে রেজওয়ান ফেরদৌস (২৬) নামের এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। ওয়াশিংটনে ইউএস ক্যাপিটাল এবং মার্কিন প্রতিরক্ষা দপ্তরের সদর দপ্তর পেন্টাগনে তিনি হামলার পরিকল্পনা করেছিলেন। গত বুধবার ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যের ফ্র্যামিংহাম শহর থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।সরকারি কর্মকর্তাদের সূত্রে জানা গেছে, রেজওয়ান দূরনিয়ন্ত্রিত বিস্ফোরকভর্তি উড়োজাহাজ দিয়ে হামলার পরিকল্পনা করেন। হামলার পরিকল্পনার জন্য তিনি বিভিন্ন ব্যক্তির সঙ্গে পরামর্শ করেছিলেন। মজার ব্যাপার হলো, যাঁদের সঙ্গে তিনি পরামর্শ করেছিলেন, তাঁরা ছিলেন যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্ত সংস্থা এফবিআইয়ের লোক। তাঁরা আল-কায়েদার সদস্য সেজে রেজওয়ান ফেরদৌসকে হামলা চালানোর জন্য খেলনা বিমান, পিস্তল ও ভুয়া বিস্ফোরক সরবরাহ করেন। তাঁর সঙ্গে সব কথোপকথন গোয়েন্দারা রেকর্ডও করেছেন।গ্রেপ্তারের পর রেজওয়ানকে আদালতে সোপর্দ করা হয়। আদালতে উত্থাপিত নথিপত্র থেকে জানা গেছে, ২০১০ সাল থেকেই রেজওয়ান ফেরদৌস হামলার পরিকল্পনা বাস্তবায়নে উদ্যোগ নিয়েছেন। ইন্টারনেটে জিহাদি ওয়েবসাইট এবং ভিডিও দেখে তাঁর মধ্যেও যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ‘জিহাদ’ করার ইচ্ছা জাগে। পরিকল্পনা বাস্তবায়নের জন্য তিনি রাজধানী ওয়াশিংটনে গিয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনার ছবি ও ভিডিও সংগ্রহ করেন। উড়োজাহাজ ও বিস্ফোরক সংগ্রহেরও তৎপরতা চালান। তাঁর গতিবিধি সম্পর্কে সন্দেহ হলে এফবিআইয়ের সদস্যরা আল-কায়েদার সদস্য সেজে রেজওয়ানের সঙ্গে যোগাযোগ করেন এবং তাঁর পরিকল্পনা সম্পর্কে জানতে পারেন।মার্কিন নাগরিক রেজওয়ান ফেরদৌস বোস্টনের নর্থইস্টার্ন বিশ্ববিদ্যালয় থেকে পদার্থবিজ্ঞানে পড়াশোনা করেছেন। আদালতে দেওয়া তথ্যে বলা হয়েছে, ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যের অ্যাশল্যান্ড শহরে দীর্ঘদিন ধরে তিনি তাঁর মা-বাবার সঙ্গে বসবাস করছেন। তাঁর বাবা পেশায় প্রকৌশলী এবং মা স্বাস্থ্যকর্মী বলে জানানো হয়েছে। মা-বাবার পরিচয় কিংবা অভিবাসন সূত্র প্রকাশ করা হয়নি।